‘পাঠান’,‘জাওয়ান’-এর ঐতিহাসিক সাফল্যের পর থেকেই শাহরুখ খানকে বড় পর্দায় আবার দেখার অপেক্ষায় ছিলেন ভক্ত-অনুরাগীরা। দীর্ঘ তিন বছর পর সেই অপেক্ষার অবসান ঘটাতে চলেছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত অ্যাকশন এন্টারটেনার ‘কিং’। গত কয়েক সপ্তাহে ছবির মুক্তি নিয়ে নানা জল্পনা তৈরি হলেও, শেষ পর্যন্ত সেই গুঞ্জনে কার্যত ইতি পড়ল। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, নির্ধারিত সময়েই, অর্থাৎ ২৪ ডিসেম্বর ২০২৬, প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে শাহরুখের বহু প্রতীক্ষিত ছবি।
চলতি বছরের জানুয়ারিতে একটি বিশেষ ঘোষণার ভিডিও প্রকাশ করে নির্মাতারা বড়দিনের মুক্তির দিন ঘোষণা করেছিলেন। তারপর থেকেই শুটিংয়ের অগ্রগতি এবং পোস্ট প্রোডাকশন নিয়ে নানা গুঞ্জন ছড়ালেও, ছবির মুক্তির সূচিতে কোনও পরিবর্তনের পরিকল্পনা নেই বলেই সংবাদমাধ্যম সূত্রে দাবি করা হয়েছে।
তবে এই পথ মোটেও সহজ নয়। কারণ মুক্তির মাত্র কয়েক দিন আগেই আন্তর্জাতিক বাজারে নামছে একের পর এক হলিউডের মহাবাজেট ছবি। ১৮ ডিসেম্বর মুক্তি পাবে অ্যাভেঞ্জার সিরিজের নতুন পর্ব। বিশেষ করে মার্ভেলের নতুন ছবি নিয়ে দর্শকদের উত্তেজনা এখন তুঙ্গে। সম্প্রতি স্পা্ইডারম্যানের এর দুর্দান্ত বক্স অফিস সাফল্য আবারও প্রমাণ করেছে, ভারতীয় দর্শকদের কাছে মার্ভেল ইউনিভার্সের জনপ্রিয়তা কতটা বিস্তৃত।
অন্যদিকে ‘ডুন থ্রি’ তুলনামূলকভাবে নির্দিষ্ট দর্শকদের জন্য তৈরি হলেও, তার আগের কিস্তি পার্ট টু ভারতে প্রায় ২৭.৮৬ কোটি টাকার ব্যবসা করেছিল। ফলে এই ফ্র্যাঞ্চাইজিরও শক্তিশালী দর্শকভিত্তি রয়েছে। উপরন্তু, ছবিটি আইম্যাক্সে মুক্তি পেলে বক্স অফিসে তার প্রভাব আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
শুধু তাই নয়, বড়দিনের প্রতিযোগিতায় থাকছে ‘জুমাঞ্জি’ সিনেমার নতুন পর্বও। ডোয়াইন জনসন, জ্যাক ব্ল্যাক, কেভিন হার্ট এবং ক্যারেন গিলান অভিনীত এই জনপ্রিয় সিরিজের আগের দুটি ছবি ভারতীয় বক্স অফিসে ৫০ কোটিরও বেশি আয় করেছিল। ফলে নতুন ছবিটিকেও ঘিরে প্রত্যাশা কম নয়।
বিশ্লেষকের বক্তব্য, ভারতীয় বাজারে ‘কিং’-এর সবচেয়ে বড় শক্তি শাহরুখ খান। তার পাশাপাশি ছবিতে রয়েছেন আরও একাধিক জনপ্রিয় অভিনেতা। ফলে দেশের বাজারে হলিউডের ছবিগুলির সঙ্গে প্রতিযোগিতায় এই হিন্দি ছবির বাড়তি সুবিধা থাকবেই। তবে আন্তর্জাতিক বাজারে পরিস্থিতি অনেক কঠিন। ফলে পর্যাপ্ত স্ক্রিন এবং সুবিধাজনক শো টাইম নিশ্চিত করাই হতে পারে ‘কিং’-এর অন্যতম বড় চ্যালেঞ্জ।
কনসার্টে হাসানকে বোতল নিক্ষেপের ভিডিও ভাইরাল
রিলসে ভরসা মোদির
পতেঙ্গায় ৩ রেস্তোরাঁকে জরিমানা
ফ্যাসিষ্ট শেখ হাসিনা ভারতে বসে নতুন করে ষড়যন্ত্র করছে
বার্সেলোনায় যাচ্ছেন থিয়াগো? যা বললেন মেসি