সাবেক তারকা স্ট্রাইকার ডিয়েগো ফোরলান উরুগুয়ের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন। বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে উরুগুয়ে বিদায় নেওয়ার পর প্রধান কোচের পদ থেকে মার্সেলো বিয়েলসা সরে দাঁড়ালে তার স্থলাভিষিক্ত হন ৪৭ বছর বয়সী ফোরলান।
চলতি বছরের শেষ দিকে বা ২০২৭ সালের শুরুতে স্থায়ী কোচ নিয়োগের আগ পর্যন্ত আসন্ন শরতের প্রীতি ম্যাচগুলোতে জাতীয় দলের ডাগআউট সামলাবেন তিনি। জাতীয় দলের পাশাপাশি উরুগুয়ে অনূর্ধ্ব-২০ দলের প্রধান কোচের দায়িত্বও ফরলানকে দেওয়া হয়েছে।
২০২৩ সালের মে মাসে উরুগুয়ের কোচের দায়িত্ব নিয়েছিলেন সাবেক লিডস ইউনাইটেড বস মার্সেলো বিয়েলসা। তার অধীনে ৩৯ ম্যাচে ১৫টিতে জয় পায় উরুগুয়ে। বিশ্বকাপ থেকে দলের হতাশাজনক বিদায়ের পর ৭০ বছর বয়সী এই আর্জেন্টাইন কোচ স্বীকার করেন যে, তার মেয়াদে দল "স্মরণ রাখার মতো কিছুই দিয়ে যেতে পারেনি"।
খেলোয়াড় হিসেবে উরুগুয়ের ফুটবলে অন্যতম সফল নাম ডিয়েগো ফোরলান। দেশের হয়ে ১১২ ম্যাচে ৩৬টি গোল করেছেন ফরলান। ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে উরুগুয়ের সেমিফাইনালে ওঠার পেছনে তার অসামান্য অবদান ছিল, যেখানে তিনি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার ‘গোল্ডেন বল’ জয় করেন।
ম্যানচেস্টার ইউনাইটেড, ভিয়ারিয়াল ও আতলেতিকো মাদ্রিদের মতো ক্লাবে স্মরণীয় সময় কাটানোর পর ২০১৮ সালে খেলোয়াড়ি জীবনের ইতি টানেন।
কোচিং ক্যারিয়ারে ইতিপূর্বে উরুগুয়ের ঘরোয়া ক্লাব পেনিয়ারোল এবং আতেনাসের হয়ে সংক্ষিপ্ত সময়ের জন্য কোচিং করিয়েছেন ফোরলান।
