ম্যাককালামের চোখে তার ‘চেয়েও ভালো’ কোচ ফ্লেমিং

আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ০৪:১৩ পিএম

ইংল্যান্ড টেস্ট দলের কোচের দায়িত্ব থেকে বিদায় নেওয়ার পর কোনো তিক্ততা নয়, বরং সতীর্থ ও ঘনিষ্ট বন্ধু স্টিফেন ফ্লেমিংয়ের কাঁধে উত্তরসূরির দায়িত্ব তুলে দিয়ে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছেন ব্রেন্ডন ম্যাককালাম। অ্যাশেজের হতাশা আর ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে পরাজয়ের পর লাল বলের দলের দায়িত্ব হারালেও সীমিত ওভারের সাদা বলের দায়িত্বে বহাল আছেন ম্যাককালাম।

আর ঠিক তখনই টেস্ট দলের মুকুট পরতে যাচ্ছেন আরেক কিউই কিংবদন্তি ফ্লেমিং। দীর্ঘদিনের বন্ধুকে নিয়ে ম্যাককালামের মূল্যায়ন ‘সে অনেকটা আমারই মতো, তবে আমার চেয়েও ভালো।’

ইংল্যান্ডের টেস্ট ও সীমিত ওভারের ক্রিকেটে আবারও ফিরে আসছে দুই কোচের যুগ বা স্প্লিট কোচিং মডেল। বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে যার কোচিং বেশ নজরকাড়া, সেই ফ্লেমিংকে ইংলিশ ক্রিকেটের সঙ্গে দীর্ঘমেয়াদে যুক্ত করাকে বোর্ডের বড় সাফল্য হিসেবে দেখছেন ম্যাককালাম। লর্ডসে দ্য হান্ড্রেড টুর্নামেন্ট দেখতে গিয়ে সম্প্রতি স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে ম্যাককালাম বলেন, ‘বিশ্বজুড়ে যার নানামুখী কাজের সুযোগ রয়েছে, এমন একজনকে ইংলিশ ক্রিকেটের সঙ্গে এই দীর্ঘ মেয়াদের জন্য প্রতিশ্রুতিবদ্ধ করাটা ইসিবির একটি অসাধারণ অর্জন।’ 

নিজের চার বছরের টেস্ট কোচিং অধ্যায়ের ইতি টেনে ম্যাককালাম আরও যোগ করেন, ‘আমি গত চার বছর দারুণ সময় কাটিয়েছি এবং এখন বিষয়টি অন্য দিকে মোড় নিচ্ছে। ফ্লেমিং চমৎকার একজন কোচ হবে। সে অনেকটা আমারই মতো, তবে আমার চেয়েও ভালো।’ 

ভবিষ্যতে দুই ফরম্যাটের খেলোয়াড়দের নিয়ে দুই কোচের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব বা রেষারেষির সম্ভাবনা উড়িয়ে দিয়ে ম্যাককালাম জানান, ফ্লেমিংয়ের সঙ্গে তার বোঝাপড়া এতটাই নিবিড় যে কোনো সমস্যাই তৈরি হবে না। তাদের এই দীর্ঘদিনের বন্ধুত্ব ও বিশ্বস্ততা ইংলিশ ক্রিকেটকে এগিয়ে নিতে সাহায্য করবে বলে তিনি মনে করেন। ম্যাককালামের ভাষায়, ‘ফ্লেমিং আর আমি প্রায় প্রতিদিন কথা বলি। আমরা ঘনিষ্ঠ বন্ধু এবং একসঙ্গে অনেক কাজ করেছি। সে এমন একজন মানুষ যাকে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করি।’ 

ইংলিশ ক্রিকেট সেরা জায়গায় নিয়ে যাওয়ার প্রত্যেয় ব্যক্ত করে তিনি আরও বলেন, ‘আমাদের মধ্যে সবসময় জোরালো ও খোলামেলা আলোচনা হয় এবং আমরা দুজনেই কেবল ইংলিশ ক্রিকেটের ভালোটাই চাই। আমরা এমনভাবে সবকিছু সাজাতে চাই যাতে ইংল্যান্ড ক্রিকেটের তিন ফরম্যাটেই সফল হতে পারে।’




×
সর্বশেষ সর্বাধিক পঠিত