ভোলা ও বরগুনায় পৃথক দুটি অভিযান চালিয়ে ১২৯ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যা ও রাতে লালমোহন এবং পাথরঘাটায় এসব অভিযান চালানো হয়।
কোস্ট গার্ড দক্ষিণ জোন সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বরগুনার পাথরঘাটা থানার কাঁঠালতলী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করে ৮১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৪০ হাজার ৫০০ টাকা। এ ঘটনায় মো. ইমন হোসেন (১৮) নামে এক যুবককে আটক করা হয়। তিনি পাথরঘাটার কাঁঠালতলী গ্রামের মো. সগীর হোসেনের ছেলে।
অন্যদিকে একই দিন রাত ৮টার দিকে ভোলার লালমোহন থানার শাহবাজপুর কলেজ গেট সংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড আউটপোস্ট লালমোহন। সেখান থেকে মো. শরিফ পঞ্চায়েত (২৯) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে ৪৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ২৪ হাজার টাকা। শরিফ পঞ্চায়েত লালমোহন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল মান্নান পঞ্চায়েতের ছেলে।
কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত জানান, জব্দ করা ইয়াবা ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
