ইয়াবাসহ ২ ছাত্রদল নেতা আটক, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ১১:২১ পিএম

শেরপুরের নালিতাবাড়ীতে কলেজ ছাত্রদলের সভাপতিসহ তিনজনকে মাদকসহ আটক করে মারধরের পর পুলিশে দিল জনতা। ঘটনাটির একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আটককৃতরা হলেন— উপজেলার বরুয়াজানি শহীদ মুক্তিযোদ্ধা কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ও সোহাগপুর গ্রামের কামাল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (২২), কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও কাকরকান্দি গ্রামের আমিনুল ইসলামের ছেলে ছাদেক আলী (২৩) এবং একই এলাকার সবুর মিয়ার ছেলে ফারুক মিয়া (২২)।

পুলিশ জানায়, শনিবার (৮ আগস্ট) ভোররাত ৩টার দিকে উপজেলার বিশগিরিপাড়া হ্যান্ডেল মোড় এলাকায় মাদক পাচারের সন্দেহে দেলোয়ার, ছাদেক ও ফারুককে আটক করে স্থানীয় লোকজন। 

এ সময় তাদের কাছ থেকে ১৪টি ইয়াবা পাওয়া যায়। পরে তাদের একটি ঘরে নিয়ে লাঠি দিয়ে মারধর করা হয়। একপর্যায়ে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে গ্রেপ্তার ও ইয়াবা জব্দ করে থানায় নিয়ে যায়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান বলেন, ইয়াবাসহ আটক তিনজনের বিরুদ্ধে মামলা করে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি নাঈম হাসান উজ্জ্বল বলেন, ঘটনা শোনার পরেই তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া জেলার সকল শাখার নেতৃবৃন্দকে যেকোনো অপকর্ম এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গ যাতে না করে সে বিষয়ে আগাম সতর্কবার্তা দেওয়া হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত