গাজীপুরের টঙ্গীর গাজীপুরা এলাকায় তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। রবিবার (৯ আগস্ট) সকাল থেকে মাদ্রাসার প্রধান গেটের সামনে ও গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নিয়ে এ অবরোধ কর্মসূচি পালন করছেন।
সকাল ১১টায় শিক্ষার্থীরা অবরোধ করলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়ে দুই পাশে যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহনের যাত্রী ও চালকরা।
শিক্ষার্থীদের দাবি, শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী (১৭) ইয়াসিন আলী গাজীপুরা বাসস্ট্যান্ডে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত হন। এ ঘটনার পর থেকেই শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়।
ইয়াসিন আলী পাবনা জেলার সুজানগর থানার নেয়াপাড়া এলাকার রিপন মিয়ার ছেলে। তিনি পরিবারের সঙ্গে টঙ্গীর গাজীপুরা কাজীপাড়া এলাকায় ভাড়া থাকতেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, শনিবার সন্ধ্যায় ইয়াসিন গাজীপুরা বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। মাথায় গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণ হলে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় তাকে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, শিক্ষার্থীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে মহাসড়ক অবরোধ করেছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে রয়েছে। তাদের বুঝানো হচ্ছে।
