বগুড়ায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সাইবার ক্রাইম সেলের তৎপরতায় ৬৯টি হারানো মোবাইল ফোন এবং প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া নগদ টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। রবিবার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় ৪-এপিবিএন কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব মালামাল ও টাকা মালিকদের হাতে তুলে দেন অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) শহীদ আবু সরোয়ার।
বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, গত জুলাই মাসে বগুড়া ও আশেপাশের বিভিন্ন এলাকা থেকে হারানো বিভিন্ন ব্র্যান্ডের ৬৯টি মোবাইল ফোন উদ্ধার করে সাইবার ক্রাইম সেল, যার আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ৭৪ হাজার ৭১৬ টাকা। এ ছাড়া বিকাশ ও অন্যান্য মাধ্যমে প্রতারণা করে হাতিয়ে নেওয়া দুটি ঘটনার তদন্ত করে মোট ৪৮ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়।
আনুষ্ঠানিকভাবে এসব মোবাইল ও অর্থ হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৪-এপিবিএনের সহঅধিনায়ক (পুলিশ সুপার) মধুসুদন রায়, অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. তৌফিকুল ইসলাম এবং সহকারী পুলিশ সুপার মো. নাসির উদ্দীন মণ্ডলসহ ব্যাটালিয়নের অন্যান্য কর্মকর্তা। দীর্ঘদিন পর হারিয়ে যাওয়া প্রিয় মোবাইল ফোন এবং প্রতারিত হওয়া টাকা ফেরত পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ মানুষ।
৪-এপিবিএন বগুড়ার অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) মো. শহীদ আবু সরোয়ার বলেন, কেবল মোবাইল ও অর্থ উদ্ধারই নয়, গত জুলাই মাসে সাইবার ক্রাইম সেল বেশ কিছু প্রশংসনীয় কাজ করেছে। এর মধ্যে রয়েছে অপরাধের শিকার হওয়া ৩ জন ভুক্তভোগীকে উদ্ধারে সহায়তা করা। এ ছাড়া হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইমো হ্যাকিংয়ের মতো জটিল প্রযুক্তিগত অপরাধের সমাধান এবং সাইবার বুলিং বা অনলাইনে হয়রানির শিকার ভুক্তভোগীদের আইনি ও প্রযুক্তিগত সেবা দিয়েছে এই সেল।
তিনি আরও বলেন, সাইবার অপরাধ সংক্রান্ত যেকোনো সহযোগিতা ও পরামর্শের জন্য আর্মড পুলিশ ব্যাটালিয়নের বগুড়া সাইবার ক্রাইম সেল সবসময় প্রস্তুত রয়েছে।
গণতন্ত্রের সৌন্দর্য রক্ষার দায়িত্ব হিসেবে নিয়েছি