বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কা, নিহত ৩

কুন্দারহাট হাইওয়ে পুলিশের এসআই তোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ১২:৫০ পিএম

বগুড়ায় বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পেছন থেকে আরেকটি ট্রাকের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। রবিবার (৯ আগস্ট) সকালে ঢাকা-বগুড়া মহাসড়কের ছিলিমপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনা ঘটে। 

কুন্দারহাট হাইওয়ে পুলিশের এসআই তোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

নিহতদের তাৎক্ষণিকভাবে নাম পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজ শুরু করেন। উদ্ধারকাজ চলমান থাকায় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।

কুন্দারহাট হাইওয়ে পুলিশ জানায়, ছিলিমপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ঢাকাগামী একটি ট্রাক বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। সকালে ঢাকাগামী অপর একটি ট্রাক পেছন থেকে ওই ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। পরে ট্রাক চালক ও সহকারীকে হাসপাতালে নেওয়া হলে তাদের মধ্যে মৃত্যু হয় আরও একজনের। আহত আরও একজন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কুন্দারহাট হাইওয়ে পুলিশের এসআই তোফাজ্জল হোসেন জানান, সকাল ৮টার দিকে দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন নিহত হয়েছেন। নিহতরা ওই দুই ট্রাকের কর্মচারী। তাদের পরিচয় জানা যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত