হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ০৭:৪০ এএম

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৯৮৮ জন এবং হাম শনাক্ত হয়েছে ৭৫ জনের। তাতে সব মিলিয়ে হামের নতুন রোগী পাওয়া গেছে ১ হাজার ৩৬ জন। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মারা গেছে ৮৭৩ শিশু। এর মধ্যে হামে ৯৮ ও উপসর্গে ৭৭৫ শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ৯ আগস্ট সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে এক লাখ ৩৬ হাজার ৩২০ জন। হাম শনাক্ত হয়েছে ১৭ হাজার ১১৫ জনের। হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ১৮ হাজার ৩৮২ জন। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ১৪ হাজার ১৪২ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪ শিশু ২ জন ঢাকা, ৩ জন সিলেট ও ১ জন বরিশাল বিভাগের। একই সময়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩৫২ জন হাম উপসর্গের রোগী পাওয়া গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত