‘নেটটা একটু স্লো করে দাও’

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ০৭:৪৬ এএম

জুলাই গণঅভ্যুত্থানের সময়ে ইন্টারনেটের গতি ধীর (সেøা) করতে তৎকালীন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে নির্দেশ দিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আর সেই নির্দেশনা অনুমোদন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ যুক্তিতর্কের শুনানিতে এ তথ্য উপস্থাপন করেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম।

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এই যুক্তিতর্ক উপস্থাপন করা হচ্ছে। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেনÑ বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

গতকাল এ মামলায় তৃতীয় দিনের মতো যুক্তিতর্কের শুনানি উপস্থাপন করে প্রসিকিউশন। এদিন শুনানিকালের প্রথম দিকে ওবায়দুল কাদের ও পলকের মধ্যে মোবাইলে কথোপকথন রেকর্ড বাজিয়ে শোনানো হয়।

অডিওতে শোনা যায়, পলক ওবায়দুল কাদেরকে ভাই সম্বোধন করে তিনবার সালাম দিয়ে বলেন, ‘ভাই পলক বলছি।’

ওবায়দুল কাদের বলেন, ‘পলক, নেটটা একটু স্লো করে দাও। ইন্টারনেট।’

পলক বলেন, ‘জি। একটু নেত্রীর (শেখ হাসিনা) পারমিশনটা নিয়ে নিই।’

ওবায়দুল কাদের বলেন, ‘নিয়ে নাও। আমাকে বলতেছে তোমার কথা।’ 

পলক বলেন, ‘আচ্ছা ঠিক আছে। একটু এই যে বলা আছে যে, উনি না বললে...।’

ওবায়দুল কাদের বলেন, ‘ওনাকে জিজ্ঞেস করেই বলবে।’

পলক বলেন, ‘জি, স্ল্যামালিকুম।’

এর আগে গত ৬ আগস্ট ওবায়দুল কাদের ও ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের একটি কল রেকর্ড ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন। যেখানে শোনা যায়, শিক্ষার্থীদের ওপর হামলা করতে ওবায়দুল কাদের ছাত্রলীগকে নির্দেশ দেন।

ওবায়দুল কাদের ছাড়া এ মামলার অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান এবং ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ। মামলার সব আসামিই পলাতক আছেন। তাদের বিরুদ্ধে ট্রাইবুন্যালের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গত ২২ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত