সৌদিতে অগ্নিকাণ্ডে নাটোরের ৩ জনের মৃত্যু

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ০৫:১৯ পিএম

সৌদি আরবের রাজধানী রিয়াদে মানফুয়া এলাকায় একটি সোফা তৈরীর কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১৬ জন বাংলাদেশি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় কারখানায় কর্মরত অবস্থায় আগুনে পুড়ে নাটোরের নলডাঙ্গা উপজেলার তিনজনের মৃত্যু হয়েছে।

রবিবার (৯ আগস্ট) রাতে নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- নাটোরে নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের শ্রীপুরপাড়া গ্রামের মো. রাব্বানীর ছেলে সাব্বির হোসেন শুভ, দিঘীরপাড় এলাকার মো. জাকের আলীর ছেলে শামীম হোসেন এবং মহিষডাঙ্গা এলাকার আসলাম শেখের ছেলে রবিউল আউয়াল।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে পরিবারের স্বচ্ছলতা ফেরাতে সৌদি আরবে যান নিহত তিনজন। সৌদি আরবের রিয়াদের মানফুয়া শহরে একটি সোফার কারখানায় কর্মরত ছিলেন। রবিবার বিকেলে হঠাৎ ওই সোফা কারখানায় আগুনের সূত্রপাত হয়। এতে মুহূর্তের মধ্যে আগুন কারখানায় ছড়িয়ে পড়ে। ওই কারখানার ভেতরে কর্মরত অবস্থায় তাদের মৃত্যু হয়। মৃত্যুর খবরে পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত