ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১০ আগস্ট) সকালে বোয়ালমারী সদর ইউনিয়নের চুকিনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফারদিন ওই গ্রামের সৌদি আরবপ্রবাসী মো. তারিকুল শেখের একমাত্র ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, সকালে ফারদিন তার বাবার সঙ্গে ঘুমিয়ে ছিল। এ সময় শিশুটির মা রান্নাঘরে সকালের নাস্তা তৈরির কাজে ব্যস্ত ছিলেন। ঘুম থেকে উঠে শিশুটি ঘরের মেঝেতে খেলছিল। একপর্যায়ে একটি মাল্টিপ্লাগের সকেটে হাতের আঙুল ঢুকিয়ে দিলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেঝেতে লুটিয়ে পড়ে।
পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফারদিনকে মৃত ঘোষণা করেন।
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রিয়াজুল জান্নাত সুমন বলেন, সকাল ৮টার দিকে শিশুটিকে পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে এ ধরনের চিকিৎসাসেবার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় শিশুটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে শুনেছি, সেখানে শিশুটির মৃত্যু হয়েছে।
