এসএসসি পরীক্ষা

সিলেট বোর্ডে ফল বিপর্যয়, পাসের হার ৫৮

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ০৮:৫৪ পিএম

চলতি বছরের এসএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে ফল বিপর্যয় হয়েছে। গত বছরের তুলনায় পাসের হার কমেছে। এ বছর সিলেট বোর্ডে পাসের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৬৮ দশমিক ৫৭ শতাংশ। তবে গত বছরের তুলনায় এ বছর জিপিএ-৫ বেড়েছে। এবার জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৮৩৬ জন শিক্ষার্থী। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৩ হাজার ৬১৪ জন। 

সোমবার (১০ আগস্ট) সিলেট শিক্ষাবোর্ডের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াসমিন। 

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এবছর ৮৯ হাজার ৭৯ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫১ হাজার ৯৫৭ জন। জিপিএ-৫ ও পাসের হারে এগিয়ে ছাত্রীরা। পাস করা শিক্ষার্থীদের মধ্যে ১৯ হাজার ৮৮৯ জন ছেলে ও ৩২ হাজার ৬৮ জন মেয়ে।

সিলেট বোর্ডে এবারের এসএসসি পরীক্ষায় পাসের হার কমে যাওয়ার কারণ হিসেবে পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের বিষয়টিকে উল্লেখ করেছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াসমিন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এবার মন্ত্রণালয়ের অর্ডার ছিল, প্রতিটা কেন্দ্রে সিসি ক্যামেরা লাগানোর। সে অনুযায়ী সব কেন্দ্রে সিসি ক্যামেরা লাগানো হয়েছে ফলে এবার শিক্ষার্থীরা ক্লিন ও ক্লিয়ার পরীক্ষা দিয়েছে। আমার মনে হয়, সেই মোতাবেক ফলাফল হয়েছে।’

অবশ্য আগের বছরগুলোতে পরীক্ষা সঠিকভাবে হয়নি, এমনটাও বলতে চান না বলে জানান পরীক্ষা নিয়ন্ত্রক। এ বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি এরকম কিছু বলতে চাই না। তবে আমার অবজারভেশন, বাচ্চারা যতটুকু পড়েছে, সেই অনুযায়ী ফলাফল এসেছে। আমাদের মূল্যায়নে কোনো বৈষম্য হয়নি।’

সিলেট শিক্ষা বোর্ডের সচিব চৌধুরী মামুন আকবর জানান, প্রকাশিত ফলাফলে কোনো ধরনের অসংগতি, অনিচ্ছাকৃত ত্রুটি পরিলক্ষিত হলে বোর্ড কর্তৃপক্ষ তা পরিবর্তন, পরিমার্জন, সংশোধন বা বাতিল করার পূর্ণ ক্ষমতা সংরক্ষণ করে। প্রকাশিত ফলাফলে কোনো ভুলত্রুটি থাকলে তা ফলাফল প্রকাশের দিন থেকে পরবর্তী ৩০ দিনের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রককে লিখিতভাবে জানাতে হবে। নির্ধারিত সময়ের পর এ ব্যাপারে বোর্ড কর্তৃপক্ষের কোনো দায়-দায়িত্ব থাকবে না।

শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানায়, ‘চলতি বছর সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ৯৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮৯ হাজার ৭৯ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেন। যা গত বছরের তুলনায় ১২ হাজার ৭৯৮ জন কম। পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী ৫৩ হাজার ৮৯১ জন এবং ছাত্র ৩৫ হাজার ৫৩০ জন। সিলেটে এবার ৯ প্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। 

এ বছর এসএসসি পরীক্ষার ফলাফলে ভালো করেছে সিলেট জেলা। এ জেলায় পাসের হার ৬২ দশমিক ৮৮ শতাংশ। অন্যদিকে সবচেয়ে কম পাসের হার সুনামগঞ্জে ৫৪ দশমিক ৬৭ শতাংশ। 

ফলাফলের জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, এ বছর সিলেট জেলায় এসএসসি পরীক্ষায় অংশ নেয় ৩৫ হাজার ২৪০ জন শিক্ষার্থী। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ২২ হাজার ১৬০ জন। পাসের হার ৬২ দশমিক ৮৮ শতাংশ। এ জেলায় জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ২৩ জন; যা চার জেলার মধ্যে সর্বোচ্চ।

ফলাফলে দ্বিতীয় অবস্থানে রয়েছে মৌলভীবাজার। জেলার ১৯ হাজার ৮৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১১ হাজার ১০৩ জন। পাসের হার ৫৫ দশমিক ৯২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৭২৫ জন।

তৃতীয় অবস্থানে থাকা হবিগঞ্জ জেলায় ১৫ হাজার ৬৯৪ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৮ হাজার ৬৯৫ জন। পাসের হার ৫৫ দশমিক ৪০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬৭৫ জন।

ফলাফলে পিছিয়ে থাকা সুনামগঞ্জ জেলায় ১৮ হাজার ২৮৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৯ হাজার ৯৯৯ জন। পাসের হার ৫৪ দশমিক ৬৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪১৩ জন, যা চার জেলার মধ্যে সর্বনিম্ন। 

গত বছর এসএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৬৮ দশমিক ৫৭ শতাংশ। আর ২০২৪ সালে পাসের হার ছিল ৭৩ দশমিক ৩৫ শতাংশ। 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত