শ্রদ্ধা-ভালোবাসায় এসএম সুলতানকে স্মরণ

আপডেট : ১১ আগস্ট ২০২৬, ০৭:৩৭ এএম

নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো বিশ^বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী। গতকাল সোমবার নড়াইলে আয়োজিত জাতীয় পর্যায়ের অনুষ্ঠান এবং ঢাকা বিশ^বিদ্যালয়ে ক্যানভাসের অনুষ্ঠানে শ্রদ্ধা-ভালোবাসায় স্মরণ করা হয় কিংবদন্তি এ শিল্পীকে।

শিল্পকলা একাডেমির আয়োজনে নড়াইলের এসএম সুলতান স্মৃতি সংগ্রহশালা চত্বরে দিনব্যাপী কর্মসূচির মধ্য ছিল কোরআন খতম, শিল্পীর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি

নিবেদন, শিশুকিশোরদের চিত্রাঙ্কন উৎসব, আর্টক্যাম্প, চিত্রপ্রদর্শনীর উদ্বোধন, আলোচনা সভা, এসএম সুলতান সম্মাননা পদক বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

সকালে শিল্পীর কবরে সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়, শিল্পকলা একাডেমি, নড়াইল জেলা প্রশাসন, সুলতান ফাউন্ডেশন, এসএম সুলতান স্মৃতি সংগ্রহশালা, নড়াইল প্রেস ক্লাব, এসএম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়, এসএম সুলতান চারু ও কারুকলা ফাউন্ডেশন, ছন্দায়ন, মূর্ছনা সাংস্কৃতিক সংগঠন, যুগান্তর নাট্য সংসদসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভার শুরুতে এসএম সুলতান সম্মাননা পদক প্রদান করা হয়। বাংলাদেশের প্রখ্যাত চিত্রশিল্পী, প্রিন্টমেকার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুস সাত্তারের হাতে সম্মাননা পদক তুলে দেন প্রধান অতিথি সংস্কৃতি মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। 

জেলা প্রশাসক  ড. মোহাম্মদ আবদুল ছালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন বিশ্বাস জাহাঙ্গীর আলম এমপি, মো. আতাউর রহমান বাচ্চু এমপি, অধ্যাপক ড. আব্দুস সাত্তার,  সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা, শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন প্রমুখ। ‘এসএম সুলতান : জীবনঘনিষ্ঠ ও সমাজ বাস্তবতার শিল্পী’ শীর্ষক বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক রেজা আসাদ আল হুদা অনুপম। স্বাগত বক্তব্য দেন শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক আব্দুল হালিম চঞ্চল।

নিতাই রায় চৌধুরী বলেন, এসএম সুলতান ছিলেন মাটি ও মানুষের শিল্পী। শিল্পী সুলতান বিশ্বের বুকে বাংলাদেশকে তুলে ধরেছেন। তার দেশপ্রেম ও চিত্রকর্ম দিয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে গেছেন। তিনি  আরও বলেন, এ দেশে সুস্থ ধারার সাংস্কৃতিক চর্চা ফিরিয়ে আনতে জারি গান, যাত্রাপালা, নৌকা বাইচ, গ্রামীণ মেলাসহ বিলুপ্তপ্রায় ঐতিহ্যকে ফিরিয়ে আনার জন্য বর্তমান সরকার উদ্যোগ গ্রহণ করছে। তিনি এসএম সুলতানসহ নড়াইল জেলার সাংস্কৃতিক অঙ্গনের উন্নয়নের আশাবাদ ব্যক্ত করেন। 

ঢাবিতে ‘সুলতান শিশু উৎসব’ অনুষ্ঠিত : কিংবদন্তি শিল্পী এসএম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের ওসমান জামাল মিলনায়তনে ক্যানভাসের আয়োজনে ‘সুলতান শিশু উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। আয়োজনের মধ্যে ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিশু চিত্রকলা প্রদর্শনী ও আলোচনা সভা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, এসএম সুলতান সব সময় শিশুদের কথা বলতেন। তিনি বলতেন, আমাদের এই ছোট ছোট শিশুরাই তো জাতির ও দেশের ভবিষ্যৎ। তাই শিশুদের লেখাপড়ার পাশাপাশি তাদের হাতে খাতা-কলম, রঙ ও রঙ পেনসিল দিয়ে ছবি আঁকার সুযোগ দিতে হবে।

ক্যানভাসের সাধারণ সম্পাদক ও চিত্রশিল্পী শহীদুল ইসলাম শহীদ বলেন, আমি যখন চারুকলায় পড়তাম, তখন আমার ছবি আঁকার শুরুটা হয়েছিল এসএম সুলতানের হাতে। ছোটবেলায় আমি তাকে খুব কাছ থেকে দেখেছি। তখন সুলতানকে অনেকে শিল্পী হিসেবে অবহেলা করতেন। কিন্তু এখন দেশের অনেক গুণী শিল্পী তাকে স্বীকার করেন।

ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের চেয়ারম্যান ডা. ইয়াছিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক মো. মাহবুবুল আলম গোরা, ঢাবি চারুকলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক কাওসার হাসান টগর, যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদার, বাংলাভিশনের চিফ এডিটর আবদুল হাই সিদ্দিকী, চিত্রশিল্পী ফরিদা ইয়াসমিন, এসএ টিভির চেয়ারম্যান ও চিত্রশিল্পী জুনায়েদ আমিন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত