মাইলস্টোনের প্রশংসনীয় সাফল্য

আপডেট : ১১ আগস্ট ২০২৬, ০৭:৪২ এএম

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলে এবারও প্রশংসনীয় সাফল্যের স্বাক্ষর রেখেছে রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মাইলস্টোন কলেজ। চলতি বছর এ কলেজ থেকে বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনে মোট ১৪৯৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং পাস করে ১৪৮৮ জন। পাসের হার ৯৯.৬৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬১৩ জন শিক্ষার্থী।

মাইলস্টোন কলেজে এবার বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ১২৬৫ জন শিক্ষার্থী এবং পাস করে ১২৬২ জন। পাসের হার ৯৯.৭৬ শতাংশ। বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করে ৫৯৩ জন। অন্যদিকে, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে অংশগ্রহণ করেছে ২২৮ জন এবং পাস করে ২২৬ জন। পাসের হার ৯৯.১২ শতাংশ।

ফলাফল ঘোষণার পর উত্তরার ডিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন কলেজ প্রাঙ্গণে নেমে আসে আনন্দের জোয়ার। বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠে কৃতী শিক্ষার্থীরা। কলেজের অধ্যক্ষকে সঙ্গে নিয়ে এই সাফল্য উদযাপনের আনন্দে যোগ দেন শিক্ষক ও অভিভাবকরা। অভিভাবকরা মাইলস্টোন কলেজের অ্যাকাডেমিক পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ এবং অধ্যক্ষ ও শিক্ষকদের আন্তরিক পরিচর্যার জন্য ধন্যবাদ জানান।

শিক্ষকবৃন্দের নিরলস পরিশ্রম, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায় এবং অভিভাবকদের পূর্ণ সহযোগিতাকে এই অসাধারণ ফলাফল অর্জনের মূল ভিত্তি হিসেবে চিহ্নিত করেছেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত