বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলার ছাড়াল

আপডেট : ১১ আগস্ট ২০২৬, ০৫:৫৯ পিএম

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ অবসানে সমঝোতার সম্ভাবনা ক্রমেই কমে আসায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলার ছাড়িয়েছে। খবর বিবিসি বাংলার। 

মঙ্গলবার (১১ আগস্ট) আন্তর্জাতিক বাজারে তেলের প্রধান সূচক ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ৫ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ৯০ দশমিক ০২ ডলারে পৌঁছায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে তেলের প্রধান সূচক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ২ দশমিক ৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ৩২ ডলারে উঠেছে।

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামই সাধারণত জ্বালানি তেলের মূল্যের প্রধান সূচক হিসেবে বিবেচিত হয়।

হরমুজ প্রণালি পুনরায় চালু হওয়ার সম্ভাবনা কমে যাওয়ায় বাজারে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে—এমন আশঙ্কাও জোরালো হচ্ছে। গত এক সপ্তাহে অপরিশোধিত তেলের দাম প্রায় ১০ শতাংশ বেড়েছে।

চলতি মাসের শুরুতে হোয়াইট হাউসের পক্ষ থেকে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা নিয়ে আশাবাদ প্রকাশ করা হলেও, গুরুত্বপূর্ণ এই জলপথের ভবিষ্যৎ নিয়ে দুই দেশ এখনো কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি।

বিশ্বের মোট অপরিশোধিত তেলের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালির মধ্য দিয়ে পরিবাহিত হয়। তবে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে বর্তমানে গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল বন্ধ রয়েছে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত