মেটার নতুন এআই এজেন্টে বিশৃঙ্খলার শঙ্কা

আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ০১:০৯ এএম

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার আরও সহজ ও স্বয়ংক্রিয় করতে ‘মিউজ’ নামের নতুন এআই এজেন্ট উন্মুক্ত করেছে মেটা। ব্যবহারকারীর নির্দেশ অনুযায়ী নিজে থেকেই ওয়েব ব্রাউজ করা, জিমেইল ব্যবহার, ক্যালেন্ডার পরিচালনা এমনকি অনলাইনে প্রয়োজনীয় পণ্য কেনাকাটার মতো কাজও করতে পারে এআই এজেন্টটি। তবে এর অতিরিক্ত স্বয়ংক্রিয়তা নিয়ে ইতিমধ্যে নিরাপত্তা ও গোপনীয়তার প্রশ্ন উঠেছে।

মেটার এই প্রযুক্তিকে নিয়ন্ত্রণহীন গাড়ির সঙ্গে তুলনা করেছেন এমআইটির সহযোগী অধ্যাপক রমেশ ভাস্কার। তার মতে, নির্দিষ্ট নিয়ম ও নিরাপত্তাব্যবস্থা ছাড়া ইন্টারনেটে অসংখ্য এআই এজেন্ট সক্রিয় হলে ওয়েব অবকাঠামোয় বিশৃঙ্খলা তৈরি হতে পারে। একই সঙ্গে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ও বিভিন্ন অনলাইন অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ এআইকে দেওয়ায় বাড়ছে ঝুঁকি।

অবজেক্টিভ-সি ফাউন্ডেশনের সহপ্রতিষ্ঠাতা প্যাট্রিক ওয়ার্ডেলও মিউজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন। তার দাবি, একটি নিরাপত্তা ত্রুটির সুযোগ নিয়ে সাইবার হামলাকারীরা মিউজের নিয়ন্ত্রণ নিয়ে ব্যবহারকারীর যন্ত্রে গোপনে প্রবেশ করতে পারত। মেটা অবশ্য ত্রুটিটি দ্রুত সমাধান করেছে। বিশেষজ্ঞদের মতে, এআই এজেন্টের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে এর জন্য নতুন নিরাপত্তা কাঠামো ও নীতিমালা জরুরি। সুবিধার পাশাপাশি ব্যবহারকারীর গোপনীয়তা ও ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করাও এখন বড় চ্যালেঞ্জ।

সর্বশেষ সর্বাধিক পঠিত