পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলেয়া বেগমের অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। কর্মসূচি শেষে আলেয়া বেগম ও তার ছেলে আলমাসের কুশপুত্তলিকা দাহ করেন বিক্ষোভকারীরা।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার মিলঘর এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়ন পরিষদের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে তার অপসারণ দাবি করেন। তারা বলেন, এসব অভিযোগের বিষয়ে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
আদাবাড়িয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আনিচুর রহমান বলেন, ‘প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের নয়জন সদস্য অনাস্থা দিয়েছেন। এরপরও তিনি দায়িত্বে বহাল থাকায় আমরা হতাশ। তাকে আর দায়িত্বে দেখতে চাই না।’
সাবেক উপজেলা ছাত্রদল নেতা শাহিন রেজা বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তাদের দাবি, ২১ দিনের মধ্যে অভিযোগের তদন্ত শেষ করে আলেয়া বেগমকে অপসারণ করা হোক। প্যানেল চেয়ারম্যানের অপসারণের দাবিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ একত্রিত হয়েছেন বলেও জানান তিনি।
শাহিন রেজা আরও অভিযোগ করেন, আলেয়া বেগমের ছেলে আলমাস নারায়ণগঞ্জে অবস্থান করেও ইউনিয়ন পরিষদের কার্যক্রমে প্রভাব বিস্তার করেন। এমনকি তিনি তার মায়ের স্বাক্ষরও দিয়ে থাকেন বলে অভিযোগ করেন শাহিন।
জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. কবির হোসেন বলেন, আদাবাড়িয়া ইউনিয়নের সর্বস্তরের মানুষ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা চান।
মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা মিলঘর এলাকায় সড়ক অবরোধ করেন। পরে আলেয়া বেগম ও তার ছেলে আলমাসের কুশপুত্তলিকা দাহ করা হয়। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।
অভিযোগের বিষয়ে প্যানেল চেয়ারম্যান আলেয়া বেগম ও তার ছেলে আলমাসের বক্তব্য জানতে তাদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।