নোংরা পরিবেশ ও বাসি-পচা খাবার বিক্রির দায়ে চট্টগ্রাম নগরীর কাপ্তাই রাস্তার মাথা সংলগ্ন তিনটি রেস্তোরাঁকে মোট এক লাখ ৯৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে পরিচালিত অভিযানে এই অর্থদ- আদায় করা হয়।
অভিযান সংশ্লিষ্টরা জানান, কাপ্তাই রাস্তার মাথা এলাকার ‘গোল্ডেন ব্রিজ রেস্টুরেন্ট’ এ অত্যন্ত নোংরা পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ করা হচ্ছিল। এ ছাড়া সেখানে মেয়াদবিহীন দই, বাসি গ্রিল ও পচা মাংস বিক্রির জন্য ফ্রিজে মজুত রাখার প্রমাণ পাওয়া যায় । এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
একই এলাকার ‘ক্যাফে আল মক্কা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’ এ অপরিস্কার পরিবেশে রান্নার পাশাপাশি বাসি তরকারি এবং কাঁচা মাছ-মাংসের সঙ্গে তৈরি করা খাবার অস্বাস্থ্যকর উপায়ে ফ্রিজে জমা রাখার দায়ে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া ক্ষতিকর ইন্ডাস্ট্রিয়াল লবণ ব্যবহার করে খাবার তৈরি ও অপরিচ্ছন্ন পরিবেশের কারণে ‘হাজির চুইঝাল ওরস বিরিয়ানি ও মেজবান বাড়ি’ কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক ফয়েজ উল্লাহ বলেন, নোংরা পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ করা, অপরিস্কার পরিবেশে রান্নাসহ নানা অনিয়মের কারণে তিনটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে ও ভোক্তা অধিকার রক্ষায় নগরের বিভিন্ন এলাকায় এ ধরনের তদারকি অভিযান অব্যাহত থাকবে।