রাত ৮টার মধ্যে শপিংমল-মার্কেট বন্ধের নির্দেশ

সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড ও আলোকসজ্জা বন্ধ করতে বলা হয়েছে।

আপডেট : ১২ আগস্ট ২০২৬, ১০:০২ পিএম

বিদ্যুৎ সাশ্রয়ে শপিংমল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড ও আলোকসজ্জা বন্ধ করতে বলা হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে আজ বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় এ নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, ১১ জুন থেকে বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকান রাত ৯টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত জানায় সরকার। আজকের নির্দেশনায় বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানানো হয়েছে। একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড ও আলোকসজ্জা বন্ধ করতে হবে।

এ ছাড়া দেশের বিভিন্ন এলাকায় চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান রাত ৮টার মধ্যে বন্ধ করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

তবে খাবারের দোকান, হাসপাতাল ও ওষুধের দোকানসহ এ ধরনের জরুরি সেবার প্রতিষ্ঠান এই নির্দেশনার আওতামুক্ত থাকবে।

বিদ্যুৎ বিভাগের উপসচিব মো. মামুন ভূঁইয়া স্বাক্ষরিত চিঠিতে সংশ্লিষ্ট সিটি করপোরেশন, প্রশাসনসহ দায়িত্বশীলদের এ নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত