রাজধানীর গেন্ডারিয়ার দয়াগঞ্জ এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ‘বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার অ্যান্ড বেকারি’কে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপের নেতৃত্বে দয়াগঞ্জ ও গেন্ডারিয়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এ সময় ‘বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার অ্যান্ড বেকারি’ ও ‘বাংলাদেশ মিষ্টান্ন ভান্ডার’ নামে দুটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।
অভিযানে বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার অ্যান্ড বেকারির কারখানার পরিবেশ অত্যন্ত নোংরা ও অপরিষ্কার অবস্থায় পাওয়া যায়। এছাড়া কোনো ধরনের লেবেল সংযোজন ছাড়াই দই, মিষ্টি ও রসগোল্লা মজুদ ও বিক্রি করতে দেখা যায়। কারখানাটিতে তেলাপোকার উপস্থিতিও পাওয়া যায়।
এসব অপরাধের দায় স্বীকার করায় বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার অ্যান্ড বেকারিকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অন্যদিকে, বাংলাদেশ মিষ্টান্ন ভান্ডারে অভিযানকালে কারখানার পরিবেশ কিছুটা নোংরা অবস্থায় পাওয়া যায়। এছাড়া প্রতিষ্ঠানটি ফায়ার লাইসেন্স প্রদর্শনে ব্যর্থ হয়। তবে সংশোধনের শর্তে আনা অভিযোগের বিষয়ে প্রতিষ্ঠানের মালিক ও ব্যবস্থাপকের বক্তব্য সন্তোষজনক হওয়ায় তাদের অব্যাহতি দেওয়া হয়।
এ সময় উপস্থিত মনিটরিং কর্মকর্তাকে প্রতিষ্ঠানের মাইনর ব্যত্যয়গুলো সংশোধনের বিষয়ে একটি কমপ্লায়েন্স প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশ দেওয়া হয়।
অভিযানে মনিটরিং কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, মো. আসলাম উদ্দিন, নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূঁইয়া, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সাপোর্ট স্টাফ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যদের একটি দল উপস্থিত ছিলেন।
জনস্বার্থে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।