শ্রবণ প্রতিবন্ধী শিশুদের জন্য দ্রুত শনাক্তকরণ ও সময়মতো চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সচেতনতার গুরুত্বারোপ করে, শ্রবন প্রতিবন্ধী শিশুদের অধিকার, সুরক্ষা ও উন্নয়নে সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। দিনব্যাপী ‘ককলিয়ার ইমপ্লাান্ট গ্রহীতা ও অভিভাবকদের অংশগ্রহণমূলক কর্মসূচি ২০২৬’ এ এই মতামত তুলে ধরা হয়।
রাজধানীর মিরপুর-২ তে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট এর বিএম ক্যাফেটেরিয়ায় ককলিয়ার ইমপ্লান্ট সোসাইটি অব বাংলাদেশ (সিআইএসবি) এর আয়োজনে এবং হিয়ারিং অ্যান্ড স্পিচ সলিউশনস (এইচএসএস) এর পৃষ্ঠপোষকতায় এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
সম্প্রতি অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর ইএনটি বিভাগের সাবেক চেয়ারম্যান ও ওটোলজির প্রধান প্রফেসর ডা. মো. আবুল হাসনাত জোয়ারদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইএনটি ও ওটোলজি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রফেসর ডা. নাসিমা আখতার, দুর্নীতি দমন কমিশনের পরিচালক (উপসচিব) এবং কক্লিয়ার ইমপ্লান্ট রিসিপিয়েন্ট মনোয়ারা বেগম, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অডিওলজিস্ট জেসমিন আরা, হিয়ারিং অ্যান্ড স্পিচ সলিউশনস ও অ্যাডভান্সড ইনস্টিটিউট অব রিহ্যাবিলিটেশন সায়েন্স এর ব্যবস্থাপনা পরিচালক মো. আরিফুল ইসলাম এবং পরিচালক এস এম তৌফিক আবির।
অনুষ্ঠানটি সঞ্চালনার পাশাপাশি সভাপতির দায়িত্ব পালন করেন কক্লিয়ার ইমপ্লান্ট রিসিপিয়েন্টের অভিভাবক এবং অতিরিক্ত মহানগর দায়রা জজ মোঃ সাদেকীন হাবীব বাপ্পী । মধ্যাহ্ন ভোজের বিরতির পর বিশেষজ্ঞ অডিওলজিস্টদের সঙ্গে অভিভাবকদের মতবিনিময় ও প্রশ্ন উত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি প্রফেসর ডা. মো. আবুল হাসনাত জোয়ারদার তাঁর বক্তব্যে ককলিয়ার ইমপ্লান্টের পর শিশুদের শ্রবণ ও বাক-বিকাশে নিয়মিত থেরাপি, সঠিক পরিচর্যা এবং অভিভাবকদের ধৈর্য ও অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। তিনি চিকিৎসক, অডিওলজিস্ট ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টার ওপর জোর দেন এবং এ ধরনের কর্মসূচি আয়োজনের জন্য সিআইএসবি কে ধন্যবাদ জানান।
বিশেষ অতিথি প্রফেসর ডা. নাসিমা আখতার বলেন, শ্রবণপ্রতিবন্ধী শিশুদের জন্য দ্রুত শনাক্তকরণ ও সময়মতো চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি অভিভাবকদের আত্মবিশ্বাসী থাকার আহ্বান জানান এবং ককলিয়ার ইমপ্লান্ট গ্রহীতা শিশুদের সমাজের মূলধারায় অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্ব আরোপ করেন।
হিয়ারিং অ্যান্ড স্পিচ সলিউশনস (এইচএসএস) এর ব্যবস্থাপনা পরিচালক ও সিনিয়র অডিওলজিস্ট মো. আরিফুল ইসলাম বলেন, ককলিয়ার ইমপ্লান্ট ও হেয়ারিং এইড ডিভাইসের নিয়মিত যত্ন, প্রোগ্রামিং ও থেরাপি শিশুদের উন্নয়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি জানান, এ ধরনের মিলনমেলা অভিভাবকদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় ও প্রযুক্তিগত জ্ঞান বাড়াতে সহায়তা করে। ভবিষ্যতেও সিআইএসবি এর উদ্যোগে এইচএসএস পাশে থাকবে বলে তিনি আশ্বাস দেন।
এরপর অতিথিদের বক্তব্য, সম্মাননা স্মারক প্রদান, শিশুদের মাঝে উপহার বিতরণ এবং অডিটরি ভার্বাল থেরাপি (এভিটি) ও ককলিয়ার ইমপ্লান্ট ও হেয়ারিং এইড ডিভাইস পরিচর্যা কার্যক্রম পরিচালিত হয়। শেষ পর্বে ককলিয়ার ইমপ্লান্ট গ্রহীতা ও হেয়ারিং এইড ব্যবহারকারী শিশুদের অংশগ্রহণে এক মনোজ্ঞ পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।