গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়ক অবরোধ

বিক্ষোভ করার কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। 

আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ১১:৪৩ এএম

গ্যাস সংকট নিরশন ও আরও একটি ফিলিং স্টেশন নির্মাণের দাবিতে জামালপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সিএনজি চালিত অটোরিকশা চালকেরা। 

বৃহস্পতিবার (১৩ আগষ্ট) সকাল ৬টায় জামালপুর পৌর শহরের দড়িপাড়া এলাকায় জামালপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়ক অবরোধ করা হয়।

সড়ক অবরোধ করে বিক্ষোভ করার কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও কর্মজীবি মানুষ।

চালকরা জানিয়েছেন, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও তারা প্রয়োজনীয় গ্যাস পাচ্ছেন না। ফলে তাদের দৈনন্দিন আয় ব্যাহত হচ্ছে এবং পরিবার নিয়ে চরম সংকটে পড়েছেন। গ্যাস সরবরাহ স্বাভাবিক করা এবং সিএনজিচালিত যানবাহনের জন্য পর্যাপ্ত গ্যাসের ব্যবস্থা না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

বিক্ষোভকারী চালক জয়নাল আবেদীন বলেছেন, রাত ১২ টা থেকে লাইনে বসে আছি, এখনো গ্যাস পাই নাই। আমরা ভাড়া গাড়ি চালাই। গ্যাস না পেলে গাড়ি চালাবো কীভাবে? তাই বাধ্য হয়ে সবাই মিলে রাস্তা অবরোধ করেছি।

চালক আমজাদ হোসেন বলেছেন, শুধু কিছু নির্দিষ্ট গাড়িকে গ্যাস দেওয়া হয়, আমরা সাধারণ চালকরা গ্যাস পাই না। আমাদের জন্য আরেকটি গ্যাস পাম্পের ব্যবস্থা বা সুনির্দিষ্ট আশ্বাস দিলে আমরা রাস্তা ছেড়ে দেব।

সকালে অবরোধ শুরু হওয়ার পর থেকে মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। দূরপাল্লার বাস, ট্রাক, পিকআপ ও ছোট যানবাহনের যাত্রীরা দুর্ভোগে পড়েন। অনেককে যানবাহন ছেড়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।

এ প্রসঙ্গে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন আখতার বলেছেন, গ্যাস সংকট ও নতুন আরেকটি গ্যাস ষ্টেশনের দাবিতে সিএনজি চালিত অটোরিকশা চালকরা সড়ক অবরোধ করছিলেন। জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে আমি এবং আমাদের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এখানে এসেছি। যারা দাবি আদায়ের জন্য বিক্ষোভ করছিলেন তাদের সাথে কথা বলেছি। এই ক্ষেত্রে প্রশাসনিক যে সকল ব্যবস্থা রয়েছে তা আমরা দ্রুত নিবো। 

তিনি জানান, ইতোমধ্যে জেলা প্রশাসক মহোদয় বিভিন্ন চ্যানেলে কথা বলছেন। তাদের বলা হয়েছে তারা যদি স্মারকলিপি দেয় তাহলে আমরা তাদের স্মারকলিপি যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রেরণ করবো। গ্যাস সংকট এখন জাতীয় সমস্যা, আশা করি খুব দ্রুতই এর সমাধান হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত