নোয়াখালীর হাতিয়ায় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়ার সময় ৭৬০ বস্তা সারসহ পাঁচজনকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় সার বহনে ব্যবহৃত একটি ফিশিং বোটও জব্দ করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে হাতিয়া থানার বাংলাবাজার খেয়াঘাট সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন হাতিয়া। অভিযানকালে সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে এসব সার উদ্ধার করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দ করা সারের আনুমানিক মূল্য ৮ লাখ টাকা। সারগুলো অবৈধভাবে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল।
আটক পাঁচজন হলেন—হাতিয়ার মোল্লা গ্রামের মো. কাজির ছেলে আব্দুল ওহাব (১৯), গাজীপুরের কালিয়াকৈরের খাজা মার্কেট এলাকার মৃত লুকমান হোসেনের ছেলে মো. পলাশ (১৮), হাতিয়া বাজারের আদর্শ গ্রামের মো. আলমগীরের ছেলে মো. হানিফ (২৬), হাতিয়া বাজারের কাজির টাগ গ্রামের আবুল খায়েরের ছেলে মো. মোরশেদ (২৭) এবং একই উপজেলার আলামিন সমাজ গ্রামের বেলাল উদ্দিনের ছেলে পারভেজ উদ্দিন (২৬)।
কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা সার, ফিশিং বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।