বিয়ে করেও রোনালদোর সাম্রাজ্যে ভাগ নেই জর্জিনার!

আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ১২:৪৮ পিএম

দীর্ঘ আট বছরের প্রেমের সম্পর্কের পর অবশেষে জর্জিনা রদ্রিগেজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বিশ্ব ফুটবলের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগালের ক্যাসকাইসে গত মঙ্গলবার অত্যন্ত গোপনীয় ও একান্ত পারিবারিক আয়োজনে সম্পন্ন হয়েছে তাদের বিয়ের অনুষ্ঠান।

সেখান থেকে দিন কয়েক পেরোলেও এখনো আলোচনায় রোনালদোর বিয়ে। যা রোনালদো-জর্জিনার কঠোর ও সুরক্ষিত আইনি বিবাহচুক্তিকে ঘিরে। প্রেম ও আবেগের সম্পর্কের বাইরেও শত কোটি ডলারের সম্পত্তি রক্ষায় এই তারকা যুগল যে দূরদর্শিতার পরিচয় দিয়েছেন, তা এখন আলোচনার মূল খোরাক।

পর্তুগিজ আইন অনুযায়ী, রোনালদো ও জর্জিনা নিজেদের নাম রেজিস্ট্রি করেছেন ‘সেপারেশন অব প্রপার্টি’ বা সম্পত্তির পৃথকীকরণ কাঠামোর অধীনে। এই চুক্তির মূল শর্ত অনুযায়ী, বিয়ের আগে কিংবা পরে অর্জিত যেকোনো ব্যক্তিগত সম্পদ, বিশাল ব্যবসা কিংবা বিনিয়োগ সম্পূর্ণভাবে যার যার নিজস্ব সম্পত্তি হিসেবে গণ্য হবে। এর ফলে বিচ্ছেদ ঘটলেও রোনালদোর বিশাল আর্থিক সাম্রাজ্যের ওপর স্বয়ংক্রিয়ভাবে কোনো ভাগ বসাতে পারবেন না জর্জিনা।

পর্তুগিজ ও মেক্সিকান গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রোনালদোর আনুমানিক ১.২ বিলিয়ন ডলারের বিশাল সাম্রাজ্য, যার মধ্যে আল নাসরের রাজকীয় বেতন থেকে শুরু করে 'পেস্তানা সিআরসেভন' হোটেল চেইন অন্তর্ভুক্ত পুরোপুরি সুরক্ষিত রয়েছে। ঠিক তেমনি জর্জিনার মডেলিং ক্যারিয়ার ও নিজস্ব ব্যবসার আয়ও তার একচ্ছত্র অধিকারে থাকবে।

অবশ্য আইনি সুরক্ষার পাশাপাশি জর্জিনার ভবিষ্যৎ সুরক্ষার দিকটিও সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়েছে। বিচ্ছেদ বা সম্পর্কের অবনতি হলে এই চুক্তির আওতায় তার জন্য বিশেষ কিছু আর্থিক সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে কোনো কারণে বিচ্ছেদ ঘটলে জর্জিনাকে প্রতি মাসে প্রায় ১ লাখ ইউরো (প্রায় ১ লাখ ১৪ হাজার মার্কিন ডলার) আজীবন ভাতা হিসেবে প্রদান করা। পাশাপাশি স্পেনের রাজধানী মাদ্রিদের অভিজাত ‘লা ফিনকা’ এলাকায় অবস্থিত ৫৬ লাখ ডলার মূল্যের সুদৃশ্য প্রাসাদসম ভিলাটির একক ও পূর্ণ মালিকানা স্থায়ীভাবে হস্তান্তরিত হবে তার নামে।

এছাড়া, তাদের যৌথ ও দত্তক নেওয়া পাঁচ সন্তানেরই আইনি মা হিসেবে জর্জিনার স্বীকৃতি নিশ্চিত করা হয়েছে, যা যেকোনো পরিস্থিতির মধ্যেও সন্তান ও তার সামাজিক ও আর্থিক নিরাপত্তা বজায় রাখবে।

 

সৌদি আরবের রিয়াদে বর্তমানে বসবাসরত এই তারকা দম্পতি তাদের বিয়ের মূল অনুষ্ঠানটি জাঁকজমক থেকে দূরে রাখলেও আইনি নথিপত্রের ক্ষেত্রে চরম পেশাদারিত্ব ও বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। সম্পর্কের উষ্ণতার পাশাপাশি প্রায় দেড় বিলিয়ন ডলারের ব্যক্তিগত সম্পদের সুরক্ষা নিশ্চিত করে রোনালদো ও জর্জিয়ানা আধুনিক সেলিব্রেটি সম্পর্কের ক্ষেত্রে এক নতুন এবং বাস্তবসম্মত দৃষ্টান্ত স্থাপন করলেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত