সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের হিলিতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
হাকিমপুর উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে শনিবার (১৫ আগস্ট) বাদ যোহর হিলির ক্বাছিমিয়া ইমদাদুল উলুম ক্বওমী মাদ্রাসায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপির প্রয়াত চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
দোয়া পরিচালনা করেন কাছিমিয়া মাদ্রাসার মুহতামিম। দোয়া শেষে এতিম মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়। এর আগে সকালে কাছিমিয়া মাদ্রাসায় কোরআন খতম করা হয়।
এসময় সেখানে হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাংগঠনিক সম্পাদক হযরত আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হকসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।