রাবিতে ভারতীয় মাদকসহ ছাত্রদল নেতা আটক

আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ১১:৩৮ পিএম

সাত পিস ভারতীয় মাদক ট্যাপেন্টাডলসহ আটক হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম হাসিব। বিষয়টি নিশ্চিত করেছেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ গোলাম কবির।

শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় মতিহার থানা পুলিশ তাকে আটক করেছে। বর্তমানে তাকে থানায় রাখা হয়েছে বলে জানা গেছে।

আটক ছাত্রদল নেতা হাসিবের বিরুদ্ধে এর আগেও বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। ছাত্রলীগ নেতাদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে তিনি সংগঠন থেকে বহিষ্কৃত হন। নিজের মালিকানা দাবি করে অন্যের ফুডকার্ট হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে। এছাড়া বহিরাগতদের নিয়ে রাবির এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ আছে এই নেতার বিরুদ্ধে।

এ বিষয়ে রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, মাদকের বিরুদ্ধে ছাত্রদলের অবস্থান জিরো টলারেন্স। হাসিবের বিষয়ে আমরা আগে সত্যতা যাচাই করব। যদি সে মাদকাসক্ত হয়ে থাকে, তাহলে তাকে শুধুমাত্র শাস্তির দৃষ্টিতে না দেখে পুনর্বাসনের সুযোগ দিয়ে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। তার পড়াশোনা ও ভবিষ্যৎ জীবন গড়ে তুলতেও আমরা সহযোগিতা করব। সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার বিষয়টি সত্যতা যাচাইয়ের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।

মতিহার থানার ওসি গোলাম কবির বলেন, হাসিব মাদকসহ আটক হয়েছেন। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, বাংলাদেশের আইন অনুযায়ী মাদক নেওয়া ও ক্রয় বিক্রয় করা দণ্ডনীয় অপরাধ। ও যেহেতু মাদক নিয়ে ধরা পড়েছে, দেশের প্রচলিত আইন অনুযায়ী ওর ব্যবস্থা নেওয়া হবে। আমরা প্রশাসনকে জানিয়ে দিয়েছি।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত