শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, এসএসসি পরীক্ষার খাতা পুনঃমূল্যায়নে এ পর্যন্ত ১২ লাখের বেশি আবেদন পড়েছে। এসব খাতা পুনঃমূল্যায়নে সরকার নীতিমালা করবে।
সোমবার (১৭ আগস্ট) গণমাধ্যমকর্মীদের সঙ্গে প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী গণমাধ্যমকর্মীদের বলেন, পাবলিক এক্সামিনেশনস (অফেন্সেস) (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ১৯৮০ সংশোধন করে এনেছিলাম খাতা পুনঃমূল্যায়ন করা যাবে। কিন্তু গতকালের অভিজ্ঞতা থেকে মনে হচ্ছে, সবাই খাতা পুনঃমূল্যায়ন করাতে চায়। মানে আমাকে আবার ২০ লাখ শিক্ষার্থীর খাতার প্রত্যেকটি দেখতে হবে। এটা একেবারেই অসম্ভব।
তাই খাতা পুনঃমূল্যায়নে সরকার নীতিমালা করবে। কোন ধরনের খাতা পুনঃমূল্যায়নের আওতায় আসবে এবং কোনগুলো পুনঃমূল্যায়ন করা হবে না—নীতিমালায় তা নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
তিনি বলেন, আমাদের জন্য যেটা ইউজফুল, এটা আমরা মিসইউজ করতে পারি না। এই ১২ লাখের বেশি আবেদনের নিষ্পত্তি করে কলেজগুলোতে ভর্তির ব্যবস্থা করতে হবে। এতে অনেক সময় লাগবে। সেই কারণে আমরা নীতিমালা করব, কোন খাতাগুলো পুনঃমূল্যায়ন করা হবে না। আপাতত যারা আবেদন করেছে, তারা কিন্তু টেবুলেশন শিট আর নীরিক্ষার জন্য করেছে। আমরা সেগুলোই অ্যাড্রেস করব, যেগুলোতে সিভিয়ার প্রবলেম।
খাতা পুনঃমূল্যায়নের মাধ্যমে পরীক্ষকদের মূল্যায়ন পদ্ধতিও যাচাই করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী। কোনো পরীক্ষক খাতা যথাযথভাবে মূল্যায়ন করেছেন কি না, নম্বর দেওয়ার ক্ষেত্রে অস্বাভাবিকতা রয়েছে কি না—এসব বিষয়ও পর্যালোচনা করা হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট পরীক্ষকদের প্রশিক্ষণের আওতায় আনার কথাও জানান তিনি।
বুঝেশুনে আন্দোলন কর: শিক্ষামন্ত্রী
পুরোনো পদ্ধতিতেই একাদশে ভর্তি: শিক্ষামন্ত্রী