কেরানীগঞ্জে হেরোইন-গাজা-ইয়াবাসহ গ্রেপ্তার ৫

আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ১০:১২ পিএম

ঢাকার কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে হেরোইন, গাজা ও ইয়াবা টেবলেটসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি দক্ষিণ)। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-মোঃ সোহেল (২৫), মোঃ পারভেজ মোল্লা (৩২), শেখ হিমন (২৩), মো. অপু মিয়া (৩৪)  ও মোছাঃ শারমিন ইসলাম (২৮)।

সোমবার (১৭ আগস্ট) বিকেলে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিম। 

তিনি জানান, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (জেলা গোয়েন্দা শাখা)

জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) এর তিনটি আভিযানিকদল গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকার আগানগর ইউনিয়নের কদমতলী, কোন্ডা ইউনিয়নের পানগাও ও শুভাঢ্যা ইউনিয়নের হাসনাবাদ এলাকায় পৃথক তিনটি অভিযান পরিচালনা করে ৩১ গ্রাম হেরোইন, ৫০০ গ্রাম গাজা ও ২০ পিস ইয়াবা টেবলেটসহ পাঁচজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি আরও জানান, ডিবি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানান, তারা প্রকৃত পক্ষে পেশাদার মাদক ব্যবসায়ী।  দীর্ঘদিন ধরে  তারা মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে। দেশের সীমান্তবর্তি এলাকা হতে বিভিন্ন প্রকারের মাদকদ্রব্য সংগ্রহ করে কেরানীগঞ্জসহ রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহ করে থাকেন।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আরও জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে সোপর্দ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত