এসএসসি পাশের খুশিতে মিষ্টি না কিনে শিক্ষার্থীরা একজন সহপাঠীর মায়ের ক্যান্সারের চিকিৎসা জন্য নগদ অর্থ তুলে দিয়েছেন। মুহুর্তেই সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গনমাধ্যমে ছড়িয়ে পড়ে গত ১৬ আগস্ট। বিষয়টি নজরে এসেছে প্রধানমন্ত্রীর দপ্তরের।
শিক্ষার্থী নাঈম শিকদারের ক্যান্সার আক্রান্ত মা লাইলী বেগমের চিকিৎসায় আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার(১৭ আগস্ট) রাতে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান এমপি সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. আশরাফুল আলমকে ফোন করে বিষয়টি জানানো হয় বলে তিনি বলেন।
জানা যায়, টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিদাস কলতান বিদ্যানিকেত থেকে চলতি এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী নাঈম শিকদারের মা লাইলী বেগম কিছুদিন আগে ক্যান্সারে আক্রান্ত হন। তাঁর চিকিৎসার জন্য বিপুল অর্থের প্রয়োজন হওয়ায় আর্থিক সংকটে পড়ে পরিবারটি।
মায়ের অসুস্থতার খবর পেয়ে সহপাঠীরা গত রবিবার নাঈমের দাদা সাত্তার শিকদারের হাতে ৪০ হাজার টাকা তুলে দেন। এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা ২০ হাজার ও অন্যান্য শিক্ষার্থী ও শিক্ষকরা আরও ২০ হাজার টাকা দেন। এসএসসি পাস শিক্ষার্থীরা মিষ্টি না খেয়ে এ মানবিক সহায়তার উদ্যাগ নেয়।
নাঈমের মা লাইলী বেগম বর্তমানে সিরাজগঞ্জ খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। প্রধানমন্ত্রীর সাহায্যে খবর শুনে পরিবারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
বিদ্যালয়ের পরিচালক আমিনুল ইসলাম বাদল দেশ রূপান্তরকে বলেন, প্রধানমন্ত্রীর এমন মানবিক উদ্যাগ সত্যি প্রশংসনীয়। শিক্ষার্থীদের এই উদ্যোগ প্রধানমন্ত্রীর দপ্তরে পৌঁছে গেছে এজন্য গর্বে বুক ভরে যায়।
সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম দেশ রূপান্তরকে বলেন, শিক্ষার্থীরা তাঁদের এক সহপাঠী মায়ের চিকিৎসার জন্য যে মানবিক উদ্যোগ নিয়েছে তা প্রধানমন্ত্রীর হৃদয় স্পর্শ করেছে। ওই মায়ের চিকিৎসার জন্য আর্থিক সহায়তার বিষয়টি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মহোদয়কে অবহিত করা হয়েছে।
তিনি আরও বলেন, আগামী শনিবার নাঈমদের গ্রামের বাড়িতে গিয়ে পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দিবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান।