ফুলগাজীতে বৃক্ষমেলার উদ্বোধন

আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ০৯:১৪ পিএম

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীর ফুলগাজীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬। 

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে উপজেলা পরিষদ শহীদ মিনার চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে মেলার উদ্বোধন করা হয়। মেলা চলবে আগামী ২০ আগস্ট পর্যন্ত।

মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কাউছার হামিদ। পরে পরশুরাম রেঞ্জের বন সংরক্ষণ কর্মকর্তা আবু নাসের জিয়াউর রহমানের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে ইউএনও কাউছার হামিদ নিজের শিক্ষাজীবনের একটি পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, “ইউনিভার্সিটিতে থাকতে আমার একটা পরিকল্পনা ছিল-চাকরি না পেলে একটি ফলের বাগান করব, আর একটি জুস ফ্যাক্টরি করব।” 

উদ্যোক্তা ও নার্সারি ব্যবসায়ীদের উৎসাহিত করার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বেশি করে বৃক্ষরোপণের আহ্বান জানান তিনি।

মেলায় পাঁচটি স্টলে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। এতে কাজী নার্সারি, মিজান নার্সারি, ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর শ্রীপুরের প্রবাসী নার্সারি এবং বন বিভাগ অংশ নিয়েছে। বন বিভাগের উদ্যোগে বীজ ও চারা প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরাও মেলায় এসে স্টল পরিদর্শন করছে।

আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নোশীন প্রত্যাশা, ফুলগাজী থানার পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন, সমবায় কর্মকর্তা মুরাদ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মাসুদুল হক, মৎস্য কর্মকর্তা নাজমুল হাসান, একাডেমিক সুপারভাইজার মো. মোয়াজ্জেম হোসেন, আইসিটি কর্মকর্তা আছমা আক্তার, ফুলগাজী পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো. হাবিবুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বক্তব্য দেন।

এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন, সদস্য সচিব আবুল হোসেন ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল মজুমদার গোলাপ, আনন্দপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ভূঁইয়া ফারুকসহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরশুরাম রেঞ্জের বন সংরক্ষণ কর্মকর্তা আবু নাসের জিয়াউর রহমান জানান, মেলায় অংশ নেওয়া বেসরকারি নার্সারিগুলো থেকে দর্শনার্থীরা পছন্দের বিভিন্ন প্রজাতির চারা কিনতে পারবেন।

আয়োজকরা জানান, আগামী ২০ আগস্ট পর্যন্ত প্রতিদিন মেলা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির চারা প্রদর্শন ও বিক্রির পাশাপাশি বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হবে। প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়তে সাধারণ মানুষকে বৃক্ষরোপণে উৎসাহিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত