আনোয়ারায় মাদকবিরোধী সমাবেশে এএসপি

‘যেকোনো মূল্যে মাদক নির্মূল করা হবে’

আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ০৯:০৬ পিএম

‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় উপজেলা সদরের জয়কালী বাজারে এ অনুষ্ঠানের আয়োজন করে আনোয়ারা থানা।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহমুদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম নুরুল ইসলাম, সিটি সেন্টার ব্যবসায়ী সমিতির সভাপতি এস এম শাহেদ, উপজেলা যুবদলের সদস্যসচিব ফারুক হোসেন, উপজেলা বিএনপির সদস্য আকতারুজ্জামান, উপজেলা যুবদলের প্রচার সম্পাদক মোহাম্মদ রাশেদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এএসপি বলেন, ‘সমাজ থেকে মাদক নির্মূল করতে হলে সকলের সহযোগিতা প্রয়োজন। মাদক সমাজের বড় ব্যাধি। মাদকের করাল গ্রাসে যুবসমাজ ধ্বংস হতে চলেছে। তাই মাদক ব্যবসায়ীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তালিকাভুক্ত মাদক কারবারিদের আইনের আওতায় আনা হবে। কিশোরদের মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে হবে। কারণ, পরিবার নষ্ট হলে, সমাজ নষ্ট হলে দেশ রক্ষা করা যাবে না। যেকোনো মূল্যে মাদক নির্মূল করতে হবে।’

সভাপতির বক্তব্যে ওসি জুনায়েত চৌধুরী বলেন, ‘মাদকসেবীরা ইভটিজিং, চুরি, ছিনতাই, ধর্ষণসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে। তাই তাদের ছাড় দেওয়া যাবে না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত