উৎসবমুখর পরিবেশ আর আবহমান বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচকে ঘিরে মুখর হয়ে উঠেছিল ঝালকাঠির সুগন্ধা নদীর তীর। মঙ্গলবার বিকেলে নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর সমাপনী, মূল্যায়ন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
ঝালকাঠি জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ আয়োজনে বিকেল লঞ্চঘাট এলাকা থেকে নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু হয়। ৯টি নৌকায় সদর উপজেলার ৯টি দল এ প্রতিযোগিতায় অংশ গ্রহন করে। বাইচে অংশগ্রহণকারীদের নিরাপত্তার সুবিধার্থে নৌপুলিশ ও ফায়ারসার্ভিসের পৃথক দুটি দল নৌ-বিহারে উপস্থিত ছিলো। মিনিপার্ক সংলগ্ন এলাকায় নৌকা বাইচ সমাপ্ত হলে প্রথম স্থান অধিকার করে মাহবুব সিকদার নেতৃত্বাধীন ধানসিড়ি গ্রুপ, দ্বিতীয় স্থান অধিকার করে চান মিয়া হাওলাদারের নেতৃত্বাধীন গাবখান গ্রুপ এবং তৃতীয় স্থান অধিকার করেন সোবাহান হাওলাদারের নেতৃত্বাধীন জাঙ্গালিয়া গ্রুপ।
পরে মিনিপার্কে বিজয়ীদের পুরস্কার বিতরণী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় মৎস্য অধিপ্তরের বিভাগীয় উপ পরিচালক মো. মহসিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবীর, ঝালকাঠি গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আমান উল্লাহ সরকার, জেলা মৎস্য অফিসার মো. এনামুল হকসহ আরো অনেকে।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।