সড়কে ঝরল দুই নারীসহ ১১ প্রাণ 

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ০৭:৫৩ এএম

সারা দেশে পৃথক সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। এদের মধ্যে দুজন নারী। আমাদের জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো খবর।

চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গতকাল মঙ্গলবার পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এরমধ্যে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন ও মোটরসাইকেল খাদে পড়ে দুজন নিহত হন। নিহতরা হলেন- উপজেলার সোনামসজিদ বালিয়াদিঘী গ্রামের আবু হায়াত (৩৫), হাবিবুর রহমান হাবিব (২০) এবং শেখটোলা গ্রামের আসাদ আলী (১৭) ও জবির (১৯)। শিবগঞ্জ থানার ওসি তদন্ত আনিসুর রহমান জানান, ভোরে কানসাট বাজার থেকে আবু হায়াত ও হাবিব মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে মুসলিমপুর-টাকশালা এলাকায় নির্মাণাধীন একটি কালভার্টের সঙ্গে ধাক্কা লেগে তারা খাদে পড়ে যান। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তারা মারা যান।

গোপালগঞ্জ : গোপালগঞ্জ সদরের বৌলতলী এলাকায় ট্রাকের সঙ্গে লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নারীসহ ৩ জন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে বাসটির চালক মো. নাদিম শেখ (২৮), যাত্রী আবু হাসিব মোছাল্লি (১৯)। নিহত আরেকজনের নাম এখনো জানা যায়নি। গতকাল মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের বৌলতলী এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। বৌলতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শফিউল আলম বলেন, টেকেরহাট থেকে গোপালগঞ্জগামী একটি লোকাল বাস ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে রাস্তার পাশে খাদে পড়ে যায় এবং ট্রাকটি রাস্তার ওপর উল্টে পড়ে।

রাজবাড়ী : চাকা পরিবর্তন করার সময় ট্রাকচালক নজরুল ইসলামের পেছন থেকে আরেকটি ট্রাক এসে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান নজরুল ইসলাম। গতকাল মঙ্গলবার সকালে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহসড়কের পাংশা উপজেলার কলেজ মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম বরিশাল জেলার আগৈলঝাড়া এলাকার বাসিন্দা। এছাড়াও একই দিনে গোল্ডেন লাইনের একটি বাসের সঙ্গে ট্রাকের এবং ট্রাক ও গরু বোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন আরও ৫ জন।

বড়াইগ্রাম (নাটোর) : নাটোরের বড়াইগ্রামে প্রাণ-আরএফএল গ্রুপের একটি কাভার্ডভ্যানের ধাক্কায় হাসি বেগম (২৫) নামে এক নারী নিহত হয়েছেন। গত  সোমবার সন্ধ্যায় উপজেলার চ-ীপুর এলাকায় বনপাড়া-লালপুর সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত হাসি বেগম জেলার লালপুর উপজেলার ওয়ালিয়া সেন্টারপাড়া গ্রামের ভ্যানচালক আবু মুসার স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় হাসি বেগম সুগার মিলের ফার্ম থেকে ছাগলের জন্য ঘাস নিয়ে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তাকে সজোরে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মনিরামপুর (যশোর) : সাবেক ইউপি সদস্য ইউনুস আলী (৪৫)  ট্রাকচাপায় নিহত হয়েছেন। গত সোমবার রাত ৯টার দিকে মনিরামপুর পৌর শহরের গরুহাটা মোড়ে এ ট্রাক দুর্ঘটনাটি ঘটে। দোকান থেকে বাড়ি ফেরার পথে গরুহাটা মোড়ে পৌঁছালে যশোরগামী দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। ফলে ট্রাকের নিচে চাপা পড়ে তিনি গুরুতর আহত হন। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় নেওয়ার পথে রাত ২টার পর তার মৃত্যু হয়।

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পাটধারী বাজার এলাকায় বগুড়া-নগরবাড়ী মহাসড়কে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে সাদ্দাম হোসেন (৩০) নামের এক দুধ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপ চালক গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। নিহত সাদ্দাম হোসেন নাটোর জেলার সিংড়া উপজেলার গোয়াল বাথান গ্রামের সাদেক আলীর ছেলে। দুর্ঘটনার বিষয়টি হাইওয়ে পুলিশকে জানানো হলেও তারা প্রায় ৩ ঘণ্টা পর ঘটনাস্থলে যায়। স্থানীয় জনতা পুলিশের এমন কর্মকা-ে ক্ষুব্ধ হয়ে নিহতের লাশ সড়কে রেখে অবরোধ শুরু করেন।

চাঁদপুর : চাঁদপুরে পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ ছয় জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে সদর উপজেলার গাছতলা এলাকায় চাঁদপুর-ফরিদগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত