বিএনপির স্থায়ী কমিটি

ইশতেহার বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার নতুন চার সদস্যের

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ০৭:৫৫ এএম

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে কাজ করবেন বলে জানিয়েছেন স্থায়ী কমিটির নতুন চার সদস্য। তারা বলেছেন, ‘অনেক ত্যাগের বিনিময়ে তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটাধিকার ফিরে এসেছে, দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। বিএনপির দর্শনকে সামনে রেখেই বর্তমান সরকার দেশ গড়বে।’ গতকাল মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তারা এ কথা বলেন। শ্রদ্ধা নিবেদন শেষে বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন তারা। এ সময় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।

দলের ঘোষিত কর্মসূচি ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

জাতীয় স্থায়ী কমিটির চার সদস্য হলেনÑ রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ও ইসমাইল জবিউল্লাহ।

রিজভী বলেন, ‘বিএনপির দর্শনকে সামনে রেখে দেশ গড়বে বর্তমান সরকার।’ আমান উল্লাহ আমান বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান ও জনগণের চেষ্টায় দেশে ভোটাধিকার ফিরে এসেছে। দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। বিএনপি জনগণের সরকার, জনসেবা ও জনগণের পাশে থাকার সরকার।’ অধ্যাপক ডা. ফরহাদ হালিম বলেন, ‘জিয়াউর রহমান তিন বছরে যা কাজ করেছেন, তার সুযোগ্য পুত্র তারেক রহমান আরও দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছেন।’  ইসমাইল জবিউল্লাহ বলেন, ‘বিএনপি রাজনৈতিক ঐতিহ্যের ধারক।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত