রাজবাড়ীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ০৫:১৯ পিএম

রাজবাড়ীর পাংশায় চোর সন্দেহে মো. জজ আলী বিশ্বাস (৩৫) নামে  এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (১৯ আগষ্ট) আনুমানিক ভোর ৪ টার দিকে উপজেলার কসবামাজাইল ইউনিয়নের দড়ি বাংলাট করিম মন্ডলের মিল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।  নিহতের পরিবারের দাবি পূর্ব শত্রুতার জের ধরে তুলে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে তাকে।

নিহত জজ আলী বিশ্বাস উপজেলার পাট্টা ইউনিয়নের মাজাইল গ্রামের শুরাই বিশ্বাস এর ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন। তার তিন সন্তানের রয়েছে।

পরিবার ও স্থানীয় জনপ্রতিনিধি সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কসবমাজাইল ও পাট্টা ইউনিয়নের মধ্যে ঝামেলা চলে আসছিলো। গত জনু মাসের ২২ তারিখে মাজাইল গ্রামের মো: জামিন বিশ্বাসকে (নিহতের চাচা) পিটিয়ে হত্যা করে দড়ি বাংলাট এলাকায় লোকজন। যার নেতৃত্ব দেন কসবমাজাইল ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রভাবশালী নেতা  আকমল হোসেন টিক্কা ও হাকিম মন্ডল। ওই ঘটনার পর নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা করা হয়। আকমল হোসেন টিক্কাকে মামলার প্রধান আসামী করা হয়। আসামীরা জামিনে এসে পরিকল্পিত ভাবে জজ আলী বিশ্বাসকে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা করা হয় বলে পরিবারের অভিযোগ। 

নিহতের স্ত্রীর দাবি  রাতে তার স্বামী (নিহত) বাড়ির পাশে নদীতে মাছ মারে। গত রাত সাড়ে ৩ টার দিকে কসবমাজাইল ইউনিয়নের আরিফ ফোন দিয়ে ডেকে নিয়ে যায়। আমি তাকে বার বার নিষেধ করছি রাতে বাইরে না যেতে। সে আমার কথা না শুনে চলে যায়। সকালে জানতে পারি আমার স্বামীকে চোর অপবাদ দিয়ে পিটিয়ে মেরে ফেলছে। আমি এর সঠিক বিচার চাই।

নিহতের পিতা শুরাই বিশ্বাস জানান, দুই মাস আগে ওই টিক্কা ও হাকিমের নেতৃত্বে আমার ভাই জামিন বিশ্বাস কে পিটিয়ে হত্যা করে। আমরা মামলা করার পর থেকে টিক্কা বিভিন্ন ভাবে মামলা তুলে নিতে হুমকি দিয়ে আসছিলো। তারা জামিনে এসে এবার আমার ছেলেকে চোর অপবাদ দিয়ে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করে। পুলিশ আগের মামলায় সঠিক ব্যবস্থা নিলে এই ঘটনা ঘটত না।

পাট্টা ইউনিয়নের চেয়ারম্যান আকিদুল ইসলাম বলেন, নিহত জজ আলী কৃষি কাজ করতেন। তার সাথে আরিফ নামে একজনের ভালো সম্পর্ক ছিল। শুনেছি রাতে সেই জজ আলীকে ডেকে নিয়ে যায়। সকালে জানা যায় চোর সন্দেহে জজ আলীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। 

তিনি আরও বলেন, কিছু দিন আগে কসবামাজাইল ও পাট্টা ইউনিয়নে দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়। এই ঘটনায় নিহত জজ আলীর চাচা জামিন বিশ্বাস হত্যাকান্ডের শিকার হন।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, চোর সন্দেহে এক যুবককে পিটানো খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হলে দায়িত্ব চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিরাপত্তা স্বার্থে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত