মক্কায় অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় চতুর্থ বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের নুরুদ্দিন জাকারিয়া।
পবিত্র কোরআনের হিফজ, তেলাওয়াত ও তাফসিরভিত্তিক এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় এবার ১৩৩টি দেশের মোট ৩৩৪ জন হাফেজ অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার ৪৬ বছরের ইতিহাসে এটি সর্বোচ্চ সংখ্যক দেশের ও প্রতিযোগীর অংশগ্রহণের রেকর্ড।
মুসলিম তরুণদের কোরআন মুখস্থ করা এবং এর মর্মার্থ অনুধাবনের চর্চায় উৎসাহিত করার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের হাফেজদের মেধার মূল্যায়ন ও সম্মান জানাতে প্রতিবছর এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এবারের আসরে প্রথমবারের মতো নারী প্রতিযোগীদের জন্যও পৃথক বিভাগের ব্যবস্থা রাখা হয়েছিল।
পাঁচটি বিভাগে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। এর মধ্যে প্রথম বিভাগে (সম্পূর্ণ হিফজ) প্রথম স্থান অর্জন করেন সৌদি আরবের আবদুর রহমান বিন মুখতার। তিনি পুরস্কার হিসেবে পান পাঁচ লাখ রিয়াল। দ্বিতীয় স্থান অর্জন করেন সৌদি আরবের আবদুল করিম রজব আগা, তিনি পান চার লাখ ৫০ হাজার রিয়াল। তৃতীয় হন কিরগিজস্তানের কাসিবিব রাসুল তালান্ত, তিনি পান চার লাখ রিয়াল।
দ্বিতীয় বিভাগে (হিফজ ও তাফসির) প্রথম হন সৌদি আরবের উমর বিন আবদুল্লাহ আস-সুবাইহ। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন যথাক্রমে সৌদি আরবের ফায়িজ রুকিয়া ও আহমাদ বিন আবদুল্লাহ আস-সালিহি।
তৃতীয় বিভাগে (১৫ জুজ) প্রথম স্থান অর্জন করেন লিবিয়ার নাজি আতিয়া বিন সুলাইমান। দ্বিতীয় হন তিউনিসিয়ার মুহাম্মদ আল-হাদি আল-গারিবি। তৃতীয় স্থান অর্জন করেন বাংলাদেশের মো. মাহমুদুল হাসান আশরাফী।
চতুর্থ বিভাগে (পাঁচ জুজ—পঞ্চম পারা পর্যন্ত) প্রথম হয়েছেন বাংলাদেশের নুরুদ্দিন জাকারিয়া। দ্বিতীয় স্থান অর্জন করেন লিবিয়ার হাম্মাম মুস্তাফা জিরিকান এবং তৃতীয় হন কিরগিজস্তানের মিরিয়ানকুল মুসো।
পঞ্চম বিভাগে (সংক্ষিপ্ত ১৫ পারা) প্রথম স্থান অর্জন করেন মিয়ানমারের তোড়িয়া ননগ। দ্বিতীয় হন লিবিয়ার হাম্মাম মুস্তাফি এবং তৃতীয় স্থান অর্জন করেন সৌদি আরবের আবদুল হাদি আবদুল হালিম আল শেখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স সৌদ বিন মিশাল বিন আবদুল আজিজ। তিনি খলিফার পক্ষ থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।