নাট্যদল ‘এথিক’ প্রযোজিত মঞ্চনাটক উৎপল দত্তের ‘হাঁড়ি ফাটিবে’-এর শততম মঞ্চায়ন হবে আগামী শনিবার। এদিন সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির শততম মঞ্চায়ন আয়োজন করা হয়েছে।
‘হাঁড়ি ফাটিবে শতক সন্ধ্যা’ শীর্ষক এ প্রদর্শনীতে নাট্যজন রামেন্দু মজুমদার, নাট্যজন আবুল হায়াত এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এথিকের সভাপতি রেজানুর রহমান।
এথিকের প্রথম প্রযোজনা ‘হাঁড়ি ফাটিবে’। নতুন আঙ্গিকে নাটকটির নির্দেশনা দিয়েছেন মিন্টু সরদার। শততম মঞ্চায়ন উপলক্ষে নাটকটির মঞ্চ ও নেপথ্যের সঙ্গে যুক্ত ১০০ জন কলাকুশলীকে বিশেষ সম্মাননা দেওয়া হবে। পাশাপাশি নাটকটির এ পর্যন্ত সব প্রদর্শনীতে অভিনয় করা অভিনেতাদের জন্যও থাকবে বিশেষ সম্মাননা। শততম প্রদর্শনীর দর্শকদেরও সম্মানিত করা হবে।
নাটকটির শততম প্রদর্শনীতে অভিনয় করবেন হাসান রিজভী, ভাবনা হাসান, সুকর্ন হাসান, তারেক চৌধুরী রিমন, মনি কানচন, আফনান অপ্সরা, আজিম উদ্দিন, প্রদীপ কুমার, আবীর বাবু, নাহিদ মুন্না, রুবেল খান এবং মিন্টু সরদার।
নাটকটির নির্দেশক মিন্টু সরদার বলেন, “উৎপল দত্তের অনবদ্য সৃষ্টি ‘হাঁড়ি ফাটিবে’ নাটকটি চিরকালীন সমাজের দর্পণ। এত বছর পরেও যে নাটকের অবদান বিন্দুমাত্র কমেনি। আজকের এই সভ্য সমাজে দাঁড়িয়েও নাটকটি যেন বর্তমান সময়েরই প্রতিচ্ছবি হয়ে ওঠে। সমাজের ভিন্ন ভিন্ন স্তরের মানুষের যে নৈতিক স্খলতা এই সমাজে এখনো বিদ্যমান। এথিকের প্রথম প্রযোজনা হিসেবে ২০১০ সালে মঞ্চে আসে উৎপল দত্তের ‘হাঁড়ি ফাটিবে’। দলীয় প্রয়োজনে নাটকটি নতুন আঙ্গিকে নির্দেশনা দেওয়ার দায়িত্ব পড়ে আমার কাঁধে। ‘হাঁড়ি ফাটিবে’র গল্পটিই এই নাটকের প্রাণ। নির্দেশক হিসেবে গল্পটির একটি ভিন্নতর উপস্থাপনার চেষ্টা করেছি।”
দীর্ঘ ছুটিতে যুক্তরাষ্ট্রে সাফা কবির