হাতিয়ায় গ্রেপ্তার যুবদল নেতাকে তিনটি মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ

আপডেট : ২০ আগস্ট ২০২৬, ০৯:০৯ পিএম

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় নিয়মিত মামলায় গ্রেপ্তারের পর হানিফ নামের এক যুবদল নেতাকে আরও তিনটি চুরির মামলায় জড়ানো হয়েছে। এসব মামলায় তিনি এজাহারভুক্ত আসামি না হলেও তাকে গ্রেপ্তার দেখানোর কারণে উদ্বেগ প্রকাশ করেছে তার পরিবার।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে গ্রেপ্তার হানিফকে হাতিয়ার আদালত হাজতে পাঠানো হয়। এর আগে বুধবার (১৯ আগস্ট) রাতে উপজেলার তমরদ্দি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কাটাখালী খালের দক্ষিণ পাশ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার হানিফ উদ্দিন উপজেলার তমরদ্দি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আঠারোবেকি গ্রামের হাছান বেপারীর ছেলে। তিনি তমরদ্দি ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক।

জানা যায়, তার বিরুদ্ধে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। হাতিয়া থানায় আনার পর তাকে ২০২৫ ও ২০২৬ খ্রিষ্টাব্দের তিনটি চুরির মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এর মধ্যে দুটি মামলায় তিনি এজাহারভুক্ত আসামি ছিলেন না।

এ বিষয়ে তার স্ত্রী রিক্তা বেগম জানান, রাজনৈতিক একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় হানিফকে আটক করে পুলিশ। থানায় নেওয়ার পর তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তিনটি মিথ্যা চুরির মামলায় জড়ানো হয়। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হলে আইনজীবীর মাধ্যমে তারা বিষয়টি জানতে পারেন।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির হোসেন বলেন, “হানিফ উদ্দিন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হাতিয়া থানায় ১৯টি মামলা হয়েছে। মামলাগুলো যাচাই-বাছাই করে দেখতে হবে তিনি কয়টি মামলায় জামিনে আছেন। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত