মাগুরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল চালক নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৪টার দিকে মাগুরা-ঝিনাইদহ সড়কের আবালপুর স্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেল থাকা এক নারী আরোহী গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নিহতরা হলেন—মাগুরা সদর উপজেলার রাঘবদাইড় ইউনিয়নের বেঙ্গবেরইল গ্রামের গোলাম রাব্বানীর ছেলে এবং মাগুরা পুরাতন বাজারের মদিনাতুল উলুম মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা মুফতি রাব্বি ইসলাম নাঈম (২৫) এবং হাজরাপুর ইউনিয়নের পশ্চিম রামনগর গ্রামের শরিফুল ইসলামের ছেলে আশিকুর রশিদ রিপন (৪৫)। এ ঘটনায় রিপনের মেয়ে বৃষ্টি আক্তার (২৫) গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রিপন মিয়া তার মেয়ে বৃষ্টি আক্তারকে ডাক্তার দেখিয়ে মোটরসাইকেলে করে বাড়ির দিকে ফিরছিলেন। অন্যদিকে রাব্বি ইসলাম নাঈম কর্মস্থল মাগুরা পুরাতন বাজারের মাদ্রাসার দিকে যাচ্ছিলেন। আবালপুর স্কুল এলাকায় পৌঁছালে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে ঘটনাস্থলেই রাব্বি ইসলাম নাঈম নিহত হন। গুরুতর আহত রিপন মিয়া ও তার মেয়ে বৃষ্টিকে স্থানীয়রা উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রিপন মিয়ার মৃত্যু হয়। গুরুতর আহত বৃষ্টি আক্তারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করে মাগুরা রামনগর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।