দুই দশকের বেশি সময়ের প্রতীক্ষার অবসান ঘটিয়ে গত মৌসুমে প্রিমিয়ার লিগের মুকুট মাথায় পরেছিল আর্সেনাল। তাই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে আজ শুক্রবার রাতে কভেন্ট্রি সিটির বিপক্ষে ম্যাচ দিয়ে প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু করতে যাচ্ছে মিকেল আর্তেতার দলটি। গত দুই দশকে আর্সেনালের কোনো কোচ যা করে দেখাতে পারেননি, এবার সেই ব্যাক-টু-ব্যাক প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের দুর্লভ অর্জনে চোখ রাখছে উত্তর লন্ডনের ক্লাবটি।
১৯৩০-এর দশকের পর এই প্রথম টানা দ্বিতীয়বার প্রিমিয়ার লিগ জয়ের মিশনে নামছে গানার্সরা। ক্লাবের লক্ষ্য নিয়ে কোচ মিকেল আর্তেতা জানান, তারা কেবল ঘরোয়া লিগেই নয়, বরং বিশ্ব ফুটবলের সেরা ক্লাবে পরিণত হতে চান।
গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পেনাল্টিতে হেরে রানার্সআপ হওয়ার বেদনা এখনো তাড়িয়ে বেড়ায় গানার্সদের। সেই হারের হতাশা কাটিয়ে এবার আরও আক্রমণাত্মক ফুটবল খেলে ‘অ্যাটাকিং চ্যাম্পিয়ন’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন আর্তেতা। নতুন মৌসুমের আগে স্কোয়াডকে আরও ধারালো করতে নিউক্যাসল থেকে মিডফিল্ডে আনা হয়েছে অভিজ্ঞ ব্রুনো গিমারেসকে এবং ক্লাব ব্রুগের গ্রিক ফরোয়ার্ড ক্রিস্টোস জোলিসকে। এছাড়া ইনজুরির কারণে উইলিয়াম সালিবার অনুপস্থিতি সামলাতে অ্যাস্টন ভিলা থেকে এজরি কনসাকে দলে ভেড়ানোর কাজও প্রায় চূড়ান্ত করেছে ক্লাবটি। অন্যদিকে, প্রিমিয়ার লিগের গত কয়েক দশকের আধিপত্য বিস্তারকারী দল ম্যানচেস্টার সিটি এখন এক নতুন যুগের মুখোমুখি। পেপ গার্দিওলার বিদায়ের পর দলটির দায়িত্ব নিয়েছেন এনজো মারেস্কা। রদ্রি, বার্নার্দো সিলভা এবং জন স্টোনসের মতো অভিজ্ঞ তারকারা ক্লাব ছাড়ায় ইতিহাদ স্টেডিয়ামে এখন বড় ধরনের পরিবর্তনের হাওয়া বইছে। যদিও ইলিয়ট অ্যান্ডারসন এবং তরুণ তারকা আইয়ুব বুয়াদ্দির মতো খেলোয়াড়দের দলে টেনে স্কোয়াড গোছানোর চেষ্টা চলছে, তবে কমিউনিটি শিল্ডে আর্সেনালের কাছে ৩-০ গোলের বড় পরাজয় বুঝিয়ে দেয় যে নতুন কোচকে দল সাজাতে বেশ খানিকটা বেগ পেতে হবে।
শিরোপা পুনরুদ্ধারের এই লড়াইয়ে বাকি বড় দলগুলোতেও এসেছে ব্যাপক রদবদল। গত মৌসুমে পঞ্চম স্থানে শেষ করায় লিভারপুলের ডাগআউটে আর্নে সøটের স্থলাভিষিক্ত হয়েছেন আন্দোনি ইরাওলা। অন্যদিকে, রিয়াল মাদ্রিদে স্বল্পকালীন অধ্যায় শেষে চেলসির দায়িত্ব নিয়েছেন জাবি আলোনসো, যিনি ব্রিটিশ রেকর্ড অর্থে মরগান রজার্সকে দলে ভিড়িয়েছেন। আর ম্যানচেস্টার ইউনাইটেড স্থায়ী কোচ হিসেবে মাইকেল ক্যারিকের অধীনে ২০১৩ সালের পর প্রথম লিগ শিরোপা জয়ের খরা কাটাতে মাঠে নামছে। ইংলিশ ফুটবলের সোনালি ইতিহাসের পাতায় লিভারপুল এবং ম্যানচেস্টার ইউনাইটেড সমান ২০টি করে শিরোপা নিয়ে যৌথভাবে রাজত্ব করছে। এর ঠিক পরেই রয়েছে ১৪টি শিরোপা জেতা আর্সেনাল, ১০টি শিরোপা ঘরে তোলা ম্যানচেস্টার সিটি এবং ৯ বার ট্রফি জেতা এভারটন।
পিএসজির মাঠ সংকট দিয়ে শুরু লিগ ওয়ান ফ্রেঞ্চ লিগ ওয়ানের যাত্রাটাও শুরু হচ্ছে আজ। মৌসুমের প্রথম ম্যাচে মার্শেইয়ের বিপক্ষে মাঠে নামবে স্টার্সবুর্গ। তবে মৌসুমের শুরুতেই ভিন্ন এক জটিলতায় পড়েছে পিএসজি। গ্রীষ্মকালের তীব্র তাপপ্রবাহ ও রেকর্ড ভাঙা গরমের কারণে ডিফেন্ডিং চ্যাম্পিয়নের ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসের ঘাস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। খেলোয়াড়দের শারীরিক নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে বর্তমান পিচে ম্যাচ পরিচালনা করা অসম্ভব হয়ে পড়ায় রেনেসের বিপক্ষে রবিবারে লিগ ওয়ানে পিএসজির এই আসরের উদ্বোধনী ম্যাচটি প্যারিসের পরিবর্তে ব্রিত্তানিতে স্থানান্তরিত করা হয়েছে।