মেসির গোল, লাল কার্ড সুলিভানকে চড়

আপডেট : ২১ আগস্ট ২০২৬, ০৮:৪৭ এএম

বাবা হোর্হে মেসির মৃত্যুর পর এটিই লিওনেল মেসির প্রথম গোল। চিরচেনা ভঙ্গিতে আকাশের দিকে দুহাত তুলে গোল উদযাপনের এই মুহূর্তটি তাই ছিল ভীষণ আলাদা ও আবেগময়। গত বুধবার ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে মেজর লিগ সকারের ম্যাচটি ২-২ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি।

তবে মেসির আবেগঘন গোল আর খেলার ফলাফল ছাপিয়ে ম্যাচটি শেষ দিকে রূপ নেয় চরম উত্তেজনায়, যেখানে মাঠের লড়াই ছাড়িয়ে আলোচনার কেন্দ্রে চলে আসেন ফিলাডেলফিয়ার ১৬ বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত বিস্ময় বালক কাভান সুলিভান।

ম্যাচের ২১ মিনিটে মেসির বাড়ানো নিখুঁত ক্রস থেকে পিন্টার মায়ামিকে এগিয়ে দেওয়ার পর ২৬ মিনিটে নিজের প্রিয় বাঁ পায়ের জাদুকরী শটে বল জালে জড়ান আর্জেন্টাইন মহাতারকা। চলতি মৌসুমে এটি তার ১৩তম গোল। তবে সমতা ফেরানো ফিলাডেলফিয়ার বিপক্ষে ম্যাচের শেষ মুহূর্তের ইনজুরি টাইমে বাঁধে বিপত্তি। ডি-বক্সের ভেতরে মায়ামির ডিফেন্ডার ইয়ান ফ্রের সঙ্গে ফিলাডেলফিয়ার কুইন সুলিভানের ধাক্কাধাক্কি শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বড় ভাই কুইনকে বিপদে দেখে তাকে রক্ষা করতে মুহূর্তেই সেখানে ছুটে যান ছোট ভাই কাভান।

এরপর মায়ামির মিডফিল্ডার ইয়ানিক ব্রাইটের সঙ্গে কাভানের হাতাহাতি শুরু হলে পরিস্থিতি আরও জটিল রূপ নেয়। ঘটনার আকস্মিকতা সামলে রেফারি মায়ামির ব্রাইট এবং কাভান সুলিভান উভয়কেই লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দেন এবং ঘটনার সূত্রপাত ঘটানোয় কুইন সুলিভানকে হলুদ কার্ড দেখান।

ভাইয়ের ওপর চড়াও হওয়া আটকাতে গিয়ে পাওয়া এই লাল কার্ডের কারণে আগামীকাল শনিবার অস্টিন এফসির বিপক্ষে ফিলাডেলফিয়ার পরবর্তী ম্যাচে মাঠে নামা হচ্ছে না ১৮ বছর বয়সে ম্যানচেস্টার সিটিতে পাড়ি জমানোর অপেক্ষায় থাকা এই তরুণ তুর্কিকে। এদিকে এই ড্রয়ের ফলে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচ হারের লজ্জাজনক ধারা থেকে কিছুটা স্বস্তি পেল ইন্টার মায়ামি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত