সেনাপ্রধানের হস্তক্ষেপে কাটল এশিয়ান গেমসের সংকট

আপডেট : ২১ আগস্ট ২০২৬, ০৮:৪৮ এএম

অবশেষে সমাধান হলো এশিয়ান গেমসকে ঘিরে ক্রীড়াঙ্গনে তৈরি হওয়া অচলাবস্থার। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের হস্তক্ষেপে উত্তপ্ত পরিস্থিতি আপাতত শান্ত হয়েছে। নতুন ঘোষিত অ্যাডহক কমিটির কর্মকর্তাদের এশিয়ান গেমসে যাওয়া নিয়ে যে সংকট তৈরি হয়েছিল, সেটিও কেটে গেছে।

বৃহস্পতিবার সেনাসদরে সেনাপ্রধানের সঙ্গে অনুষ্ঠিত সভায় ফেডারেশনগুলোর আগের কমিটির কর্মকর্তাদের পরিবর্তে নতুন ঘোষিত অ্যাডহক কমিটির ২৩ জনকে এশিয়ান গেমসে পাঠানোর বিষয়ে আশ্বাস পেয়েছেন সংশ্লিষ্ট ফেডারেশনের কর্মকর্তারা।

অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলী ইমাম তপন জানান, ‘যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মহোদয়, বিওএর সভাপতি ও সেনাপ্রধান মহোদয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) জাহেদ পারভেজ চৌধুরীর সহযোগিতায় অবশেষে এই সংকটের সমাধান হয়েছে। আগের কমিটির কর্মকর্তাদের পরিবর্তে আমাদের নামে অ্যাক্রিডিটেশন হবে, এমনটাই জানিয়েছেন সেনাপ্রধান মহোদয়।’ তিনি আরও বলেন, ‘সেনাপ্রধান মহোদয় জানিয়েছেন, অলিম্পিক কমিটি অব এশিয়ার (ওসিএ) এক কর্মকর্তার সঙ্গে তিনি নিজে কথা বলেছেন। ওই কর্মকর্তাই বিষয়টি সম্ভব হবে বলে আশ্বাস দিয়েছেন। তাই ১১টি ফেডারেশনের ২৩ জনের নাম পরিবর্তন করা হচ্ছে।’

সমাধানের খবর পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক দেওয়ান আমিনুল হক সজল। তিনি বলেন, ‘অবশেষে আমাদের সমস্যার সমাধান হয়েছে। এখন আমরা ক্রীড়াবিদদের দিকনির্দেশনা দিতে ভেন্যুতে থাকতে পারব। শুধু তাই নয়, আমাদের এশিয়ান বডির কংগ্রেসেও থাকতে পারব। অসংখ্য ধন্যবাদ সেনাপ্রধান মহোদয়কে।’

সংকটের সমাধান হয়েছে বলে নিশ্চিত করেছেন বিওএর মহাসচিব জোবায়েদুর রহমান রানা। তার কথা, ‘সভাপতি মহোদয়ের উদ্যোগে সমস্যার সমাধানের পথে। তিনি ওসিএর সম্পাদক পর্যায়ের এক কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন। তাই আমরা নতুন করে রিপ্লেসমেন্টের জন্য নাম পাঠাচ্ছি। আমরাও প্রত্যাশায় থাকলাম।’ এ সময় বিওএর সহসভাপতি মেজর (অব.) ইমরোজ আহমেদ এবং ১১টি ফেডারেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত