ফুটবলপ্রেমীদের জন্য এক অবিশ্বাস্য ও নস্টালজিক মুহূর্ত উপহার দিয়ে আট বছর পর পেশাদার ফুটবলে ফিরছেন ব্রাজিলের কিংবদন্তি রোনালদিনহো। প্রায় ১১ বছর আগে পেশাদার ম্যাচ খেলা এই জাদুকরী ফরোয়ার্ড এখন ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেন্নার হয়ে মাঠে নামার অপেক্ষায় আছেন।
বৃহস্পতিবার ইতালির রাভেন্নার একটি সমুদ্রসৈকতে প্রায় ৬ হাজার দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে তাকে ক্লাবের পক্ষ থেকে বরণ করে নেওয়া হয়। দিনটিকে স্মরণীয় করে রাখতে নামকরণ করা হয়েছিল ‘রোনালদিনহো ডে’। মঞ্চে এসে রাভেন্নার ১০ নম্বর জার্সি উঁচিয়ে ধরেন ২০০২ সালের বিশ্বকাপজয়ী এই তারকা।
ইতালির মাটিতে নিজের এই প্রত্যাবর্তন ও ক্যারিয়ারের শেষ গোলটির রোমাঞ্চ আর সাবেক ক্লাব এসি মিলানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার স্বপ্ন প্রসঙ্গে ক্লাবের সংবাদ সম্মেলনে রোনালদিনহো বলেন, ‘রাভেন্নায়, আমি আমার ৩০০তম গোল করার এবং এসি মিলানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার স্বপ্ন দেখছি। আমার এখনও সেই ডার্বির কথা মনে আছে...।’
ইতালি নিয়ে নিজের পুরোনো স্মৃতির কথা স্মরণ করে তিনি আরও যোগ করেন, ‘ইতালিতে আমার দারুণ কিছু স্মৃতি আছে, এবং ডার্বির গোলটিই ছিল সেরা মুহূর্ত। আমি সবসময় মিলানকে অনুসরণ করি, তারা এমন একটি দল যাকে আমি সত্যিই পছন্দ করি। লুকা মদ্রিচের সাথে দেখা হওয়াটা দারুণ ছিল, সে অন্যতম সেরা একজন, আমি চাই একটি রাভেন্না-মিলান প্রীতি ম্যাচ আয়োজিত হোক।’
বন্ধুদের সাথে নতুন যাত্রায় যোগ দিয়ে তিনি জানান, ‘বন্ধুদের সঙ্গে এখানে থাকতে পেরে আমি খুব খুশি। আমাদের এমন একটি দল আছে, যারা ভালো কিছু করতে পারে। আপনি কি আমাকে মাঠে দেখতে পাবেন? জানি না (হাসি), কোচই জানেন। মানুষ আমাকে অনেক ভালোবাসা দেখিয়েছে, ইতালিতে ফেরাটা সত্যিই চমৎকার। আমি এখানে এসেছি সতীর্থদের সাহায্য করতে এবং পারলে জিততে।’ নিজের শারীরিক ফিটনেস ও ৩০০তম গোলের স্বপ্ন নিয়ে তিনি আরও বলেন, ‘দেখতেই পাচ্ছেন, আমি ভালো ফিট আছি। আমার ৩০০তম গোলটি? যদি এটা ঘটে, তবে তা আরও সুন্দর হবে।’
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ও গ্লোবোর তথ্য অনুসারে, ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৭৮৭ ম্যাচে ২৯৯ গোল করেছেন রোনালদিনহো। ১৯৯৮ সালে গ্রেমিওর হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করা এই ব্রাজিলিয়ান মহাতারকা পিএসজি, বার্সেলোনা ও এসি মিলানের মতো শীর্ষ ক্লাবে খেলেছেন। ২০১৫ সালে ফ্লুমিনেন্সের হয়ে সর্বশেষ মাঠে নামার পর ২০১৮ সালে আনুষ্ঠানিকভাবে বুট জোড়া তুলে রাখেন তিনি। সেই তালিকায় রাভেন্না হতে যাচ্ছে তার ক্যারিয়ারের নবম ক্লাব।
ক্লাবের পক্ষ থেকেও এই ঐতিহাসিক চুক্তির পেছনের ভাবনা পরিষ্কার করা হয়েছে। রাভেন্নার ইতালিয়ান-আমেরিকান মালিক ইগনাসিও সিপ্রিয়ানি জানান, ‘রোনালদিনহো এখানে একটি স্পষ্ট এবং রোমান্টিক লক্ষ্য নিয়ে এসেছেন: তার ক্যারিয়ারের শেষ গোলটি করার চেষ্টা করা। আর তার অন্তর্ভুক্তি কোনো প্রসাধনী পদক্ষেপ বা মানুষকে আমাদের নিয়ে কথা বলানোর কোনো মার্কেটিং কৌশল নয়। রোনালদিনহো একসময় রাভেন্নার শেয়ারহোল্ডার হবেন।’ ক্লাবের সহ-সভাপতি ও দীর্ঘদিনের এসি মিলান ম্যানেজার আরিয়েদো ব্রাইদা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘আমাকে কোনো প্রশ্ন করবেন না, আমাদের কাছে এখানে ফুটবলের জাদু আছে, আর কী চান? একজন সাবেক চ্যাম্পিয়ন তাকে সেরাদের তালিকায় সবার উপরে স্থান দিয়েছেন।’
নতুন মৌসুমে সোমবার রেজিয়ানার বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে নামছে রাভেন্না। যদিও প্রথম ম্যাচে রোনালদিনহোর খেলা নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে, তবে ইতালির মাটিতে এই জাদুকরের পুনরায় পা রাখা ফুটবল বিশ্বে যে দারুণ সাড়া ফেলেছে, তাতে কোনো সন্দেহ নেই।
অস্ট্রেলিয়াকে বিদায় বলে রোনালদোর দেশে সেঞ্চুরি হেনরিকসের