সুন্দরবনে পর্যটকবাহী নৌকা ডুবি, ৯ জনকে উদ্ধার

আপডেট : ২২ আগস্ট ২০২৬, ০১:৫৩ পিএম

খুলনার কয়রা উপজেলার সিংহেরটেক এলাকায় শাকবাড়িয়া ও আড়পাঙ্গাশিয়া নদীর মোহনায় পর্যটকবাহী একটি কাঠের ইঞ্জিনচালিত নৌকা ডুবে গেছে। শুক্রবার (২১ আগস্ট) বিকাল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনায় নৌকায় থাকা নয়জন নদীতে পড়ে গেলেও দ্রুত তাদের উদ্ধার করেছে নৌ পুলিশ। ঘটনায় কেউ হতাহত বা নিখোঁজ হননি।

নৌ পুলিশ জানায়, ঘটনার সময় আংটিহারা নৌ পুলিশ ফাঁড়ির একটি টহল দল নদীতে দায়িত্ব পালন করছিল। ৯৯৯ নম্বরে খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

আংটিহারা নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক হোসেন বলেন, নৌকাটি সুন্দরবনের তীরবর্তী এলাকায় ডুবে যায়। ঘটনাস্থলের এক পাশে লোকালয় এবং অন্য পাশে সুন্দরবন। কয়েকজন সাঁতরে বনের দিকে চলে যান। পরে পুলিশ গিয়ে নয়জনকেই উদ্ধার করে।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে ডুবে যাওয়া নৌকা ধরে নদীতে ভাসতে দেখে। অপর ছয়জন নদীর তীরে বনের দিকে গিয়ে গাছের ডাল আঁকড়ে ছিলেন। পরে নৌ পুলিশ সদস্যরা তাদের উদ্ধার করেন।

উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন নৌকার মাঝি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নাপিতখালী এলাকার কিসমত আলী (৪৮), নাঈম হোসেন (২২), রাকিবুল হাসান (১৮), মো. আশিক (২৫), মো. পলাশ হোসেন (২৩), মো. শাহীন (২৫), ইমামুল হোসেন (২৫) এবং যশোরের বেনাপোল পৌরসভার কাগজপুকুর এলাকার মো. গালিব (২৫) ও মো. আবদুল্যাহ (২২)।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, শুক্রবার বেলা আড়াইটার দিকে শ্যামনগরের নাপিতখালী এলাকা থেকে কয়রার আংটিহারা ও সুন্দরবনের আশপাশের এলাকা ঘুরতে নৌকায় রওনা হন। ঘোরাঘুরি শেষে বিকেল সোয়া পাঁচটার দিকে সিংহেরটেক এলাকায় নদীর মাঝামাঝি পৌঁছালে নৌকাটির নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এক পর্যায়ে নৌকাটি ডুবে গেলে তারা নদীতে পড়ে যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত