‘এখনও খেলার মধ্যেই আছি’, দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ানোর আশা শরীফুলের

আপডেট : ২২ আগস্ট ২০২৬, ০৩:৫৭ পিএম

প্রথম ইনিংসের ব্যাটিংটায় পুরোপুরি হেরেছে বাংলাদেশ। বোলিংটায় অবশ্য ছেড়ে কথা বলেননি শরীফুল-তাসকিনরা। লিডটা ঠিকই ১০০ রান পার করেছে অস্ট্রেলিয়া। তবে উইকেটও হারিয়েছে আটটা। যার মধ্যে ছয়টিই নিয়েছেন শরীফুল ইসলাম। এতে ম্যাকাই টেস্টে এখন বলা যাচ্ছে না কিছু। বাজিটা পাল্টে যেতেও পারে!

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও শরীফুলের কন্ঠে একই সুর। তিনি বলেন, ‘অবশ্যই, আমরা এখনও খেলার ভেতরে আছি। ইনশাআল্লাহ, আমরা চেষ্টা করব দ্বিতীয় ইনিংসটি যাতে আমাদের পক্ষে থাকে।’ 

ডারউইন টেস্টটা কাটিয়েছেন ডাগআউটে বসেই। এবার ম্যাকাইতে ফিরলেন একাদশেই। ফিরেই চমক। ডারউইনে যখন পিচের সঙ্গে কোনো পরিচয়ই হয়নি তখন ম্যাকাইতে এমন জটিল কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিলেন কীভাবে। দলের কারো সঙ্গে এ নিয়ে আলাপ হয়েছিল কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সবার সাথেই কথা হয়েছে, বিশেষ করে ব্যাটসম্যানদের সাথে। তারা ব্যাটিং করেছে বলে ভালো জানে কোন লেন্থের বল খেলা কঠিন। এছাড়া আমরা বোলাররা তো নিজেদের মধ্যে সবসময় আলোচনা করি।’

ব্যাটিংটা যখন ছিল যাচ্ছেতাই তখনও হাল ধরেছিলেন শরীফুল, তাইজুলকে সঙ্গে দিয়ে। ৬৪ রানের সংগ্রহে তাদের অবদান ২৫ রানের জুটি। তাতেই বাঁচে দলের মান। এমন উইকেট কি অন্যভাবে ব্যাটিং করতে হতো? তার ক্ষেত্রে পর্যবেক্ষণটা কেমন? সেখানে শরীফুলের জবাব, ‘এটি আমাদের জন্য একটি খারাপ দিন ছিল। শুধু আমাদের নয়, তারাও (অস্ট্রেলিয়া) কিন্তু সংগ্রাম করছে। ইনশাআল্লাহ, পরবর্তী ইনিংসে আমরা ভালো করব।’


 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত