ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা

আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ০১:২৮ এএম

রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়ে দায়িত্ব নেওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার সংসদ সচিবালয় এ সংক্রান্ত চিঠি নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে পাঠিয়েছে। চিঠিতে  বলা হয় ‘সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার (গত ২১ আগস্ট) সন্ধ্যায় রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করায় সেদিন থেকে আসনটি শূন্য হয়েছে।’

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ সাংবাদিকদের বলেন, যেহেতু আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে, এখন নির্বাচন কমিশন আইন-বিধি দেখে পরবর্তী ব্যবস্থা নেবে। তিনি বলেন, ‘৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন হবে। স্থানীয় সরকার নির্বাচন আসন্ন থাকায় ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের জন্য বেশি সময় নেব না, দ্রুতই নির্বাচন আয়োজন করা হবে।’

গত বৃহস্পতিবার দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি পদে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতের ইসলামীর নেতৃত্বে জোটের প্রার্থী এবং লিবারেল ডেমোক্রেটিক প্রার্থীর চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ। ভোটের দিন জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা এএমএম নাসির উদ্দিন ফল ঘোষণা করেন। নির্বাচনে মোট ৩৪৯ জন ভোটারের মধ্যে ৩৪৩ জন ভোট দেন। নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট এবং অলি আহমদ ৮৮ ভোট পান। ওই দিনই ইসি গেজেট প্রকাশ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত