বিচারকের বিরুদ্ধে গাড়িচালককে মারধরের অভিযোগ   

আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ০৯:৫৮ পিএম

ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সোহেল রানার বিরুদ্ধে গাড়িচালক মো. আলী হোসেন বাচ্চুকে খাসকামরায় ডেকে মারধর করেছেন, এমন অভিযোগ উঠেছে। 

রবিবার (২৩ আগস্ট) সকালে বাচ্চুকে খাসকামরায় ডেকে নিয়ে বিচারক তার চোখে ঘুষি ও কানের ওপর থাপ্পড় মারেন। গাড়িচালক বাচ্চু বলেন, সকাল সাড়ে নয়টার দিকে বিচারকের পিয়ন ফোন করে তাকে খাসকামরায় ডেকে নেন। তিনি সঙ্গে গাড়ির লগবই নিয়ে যান। সেখানে একটি জায়গায় সকাল সাতটার সময় লেখা থাকার কারণ জানতে চান বিচারক। বাচ্চু বলেন, ‘স্যার, আপনি আটটার সময় গাড়িতে ওঠেন। সাতটার সময় যদি গাড়ি না পৌঁছায়, তাহলে গাড়ি ধোয়া-মোছা ও পরিষ্কার করব কীভাবে?’ 

বাচ্চুর ভাষ্য, এ কথা বলার সঙ্গে সঙ্গে বিচারক তার চোখের ওপর ঘুষি মারেন এবং কানের ওপর থাপ্পড় দেন। পরে বিচারকের পিয়ন তার হাত ধরে টেনে সরিয়ে দেন। এরপর তাকে গালিগালাজও করা হয় বলে অভিযোগ করেন বাচ্চু। পরবর্তীতে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন এবং চোখে ব্যান্ডেজ করতে হয়। 

বাচ্চু বলেন, বিচারক এভাবে আমাকে মারতে পারেন না। প্রয়োজনে আমার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে পারতেন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে আমি ন্যায়বিচার চাই। 

এ বিষয় জানতে প্রতিবেদক বিচারকের সাথে কথা বলতে গেলে বিচারক কথা বলতে রাজি হয়নি। তবে অভিযোগটি সঠিক নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের কর্মকর্তা ইশতিয়াক হোসেন জনি। তিনি বলেন, বেশ কিছুদিন ধরে বাচ্চু বিচারকের গাড়ি পরিষ্কার করছিলেন না। এ বিষয়ে জানতে তাকে খাসকামরায় ডেকে পাঠানো হয়। বাচ্চু গাড়ি পরিষ্কার করতে পারবেন না বলে জানালে বিচারক তাকে ধমক দিয়ে বের করে দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত