নতুন বিয়ের গুঞ্জনে প্রভা

আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ০২:৫৬ পিএম

এক সময়ের জনপ্রিয় মডেল-অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে নিয়ে সম্প্রতি ফেসবুকে খবর ছড়িয়ে পড়ে, যুক্তরাষ্ট্রে পরিচয় হওয়া নিজের চেয়ে কম বয়সি এক যুবককে বিয়ে করেছেন প্রভা। তবে এ দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। অন্যদিকে প্রভা নিজেই তার বিয়ের খবর অস্বীকার করে পুরো বিষয়টিকে গুজব বলে জানিয়েছেন। গত কয়েক মাস ধরে প্রভার ব্যক্তিগত জীবন ও সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পোস্ট ঘিরে তার সম্পর্কের বিষয়টি নিয়ে নানা আলোচনা চলছে। এ সময়ে তিনি দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থানের পাশাপাশি বিভিন্ন দেশেও ভ্রমণ করেছেন। 

চলতি বছরের এপ্রিলে অনামিকায় আংটি পরা একটি ছবি প্রকাশ করেন প্রভা। পরে হাতে ফুল ও অনামিকায় হীরার আংটি পরা আরেকটি ছবি প্রকাশ করলে তার বাগদান নিয়ে নতুন করে গুঞ্জন শুরু হয়। এর আগে জানুয়ারিতে এক ফেসবুক লাইভে বিয়ে ও বিচ্ছেদ প্রসঙ্গে কথা বলেন প্রভা। সেখানে নিজের ব্যক্তিগত জীবনে অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপের সমালোচনা করে তিনি বলেন, বিয়ে সম্পূর্ণ ব্যক্তিগত একটি বিষয়। জীবনে যা ঘটার, তা যথাসময়েই ঘটবে বলেও মন্তব্য করেন তিনি। 

এরপর জুনে এক ভিডিও বার্তায় নারীদের বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে না জড়ানোর পরামর্শ দেন এই অভিনেত্রী। কোনো পুরুষ যদি দাবি করেন, তিনি দাম্পত্য জীবনে অসুখী অথবা শুধু সন্তানের কথা ভেবে স্ত্রীর সঙ্গে আছেন, তাহলে তার কথায় বিশ্বাস না করার পরামর্শ দেন প্রভা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত