চট্টগ্রামে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ০৮:৪২ পিএম

চট্টগ্রাম নগরীর ডিসি হিল ও চেরাগী পাহাড় এলাকায় অপরিচ্ছন্ন পরিবেশ এবং অননুমোদিত খাদ্যদ্রব্য বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে এসব এলাকায় পরিচালিত এক অভিযানে এই জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক ফয়েজ উল্লাহ।

অভিযান সূত্র জানায়, চেরাগী পাহাড় মোড়ে অবস্থিত ‘চেরাগী হোটেল’ এ অত্যন্ত অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, রান্না ও পরিবেশন করার প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া ডিসি হিল সংলগ্ন ‘ফ্যামিলি মার্ট’ নামক দোকানে খাদ্যপণ্য হিসেবে অননুমোদিত কেওড়া জল ও গোলাপ জল প্রদর্শন, রং মিশ্রিত কাশ্মীরি মরিচ এবং বিভিন্ন অবৈধ প্রসাধনী বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক ফয়েজ উল্লাহ বলেন, ডিসি হিল ও চেরাগী পাহাড় এলাকায় অপরিচ্ছন্ন পরিবেশ এবং অননুমোদিত খাদ্যদ্রব্য বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষায় ও ভেজালমুক্ত খাবার নিশ্চিত করতে নগরজুড়ে এ ধরনের তদারকিমূলক অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত